ঘরের মাঠেই অনুষ্ঠেয় অলিম্পিকে খেলার ইচ্ছাটা আগেই প্রকাশ করেছিলেন নেইমার। কিন্তু বাধ সেধেছিল বার্সার সাথের চুক্তি। অবশেষে সেই বাধার পরিসমাপ্তি ঘটলো বার্সার অনুমোদনে।

অবশেষে দলের এই তারকা খেলোয়াড়ের আগ্রহের প্রতি সম্মান দেখাল বার্সেলোনা। অর্থাৎ, ক্লাবের অনুমতি পাওয়ায় ব্রাজিলিয়ান সেনসেশনের অলিম্পিকে খেলতে আর বাধা থাকলো না নেইমারের।

নেইমারের নেতৃত্বেই রিও অলিম্পিক মিশনে নামবে ব্রাজিল।

নেইমারকে পেতে গত সপ্তাহেই স্পেনে উড়াল দেন কার্লোস দুঙ্গা। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ব্রাজিল কোচের আলোচনা ফলপ্রসূই হলো।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ব্রাজিলের এখনো অলিম্পিক শিরোপার (গোল্ড) কৃতিত্ব নেই তাদের। নেইমারের হাত ধরেই সেই অসাধ্য সাধন করার আশা সেলেকাওদের।

আগামী ৫ আগস্ট রিও অলিম্পিকের পর্দা উঠবে। যেখানে ২৩ বছরের অধিক বয়সী তিনজন খেলতে পারবেন।

অলিম্পিকের পর কোপা আমেরিকা (৩ জুন শুরু) মিশনে নামবে ব্রাজিল। শতবর্ষ পূর্তির বিশেষ আসরটিতে নেইমারের অংশগ্রহণে বার্সার বাধা দেওয়ার উপায় নেই। যদি না দুঙ্গা তাঁকে দলে না নেন। কারণ আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)-র নিয়ম অনুযায়ী, কোপা আমেরিকা টুর্নামেন্টে প্রত্যেকটি ক্লাব খেলোয়াড়দের ছাড়তে বাধ্য।

 

এমআইএস।