টেস্টে বাংলাদেশী বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট শিকারী ক্লাবে নাম লেখালেন জোবায়ের হোসেন। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়ের প্রথম ইনিংস পাঁচ উইকেট শিকার করেন এই লেগ স্পিনার।

টেস্ট ক্রিকেট দীর্ঘ ১৪ বছর পার করেছে বাংলাদেশ। এত দিনে মাত্র ১২ জন বোলার এক ইনিংসে কমপক্ষে পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন। এবার ১৩তম বোলার হিসেবে তাদের পাশে নাম লিখিয়েছেন জোবায়ের।

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে টেস্টে অভিষেক হয়েছে জোবায়েরের। কিন্তু ঢাকা ও খুলনা টেস্টে মাত্র দুটি করে উইকেট পান তিনি। কিন্তু চট্টগ্রামের মাটিতে প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিলেন তিনি।

বাংলাদেশী বোলারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান। ১৪ বার তিনি কমপক্ষে পাঁচটি করে উইকেট নিয়েছেন। তার পর সাতবার কমপক্ষে পাঁচ উইকেট পেয়েছেন মোহাম্মদ রফিক।

জেডআই