জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫০৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে ইনিংসে ইতি টানে স্বাগতিকরা।

তামিম ইকবাল ও ইমরুলে কায়েসের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনটি বেশ দাপটের সঙ্গে পার করলেও দ্বিতীয় দিনে বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ।

এদিন ৩০৩ রান নিয়ে খেলা শুরু করে টাইগাররা। হাতে ছিল আট উইকেট। কিন্তু জিম্বাবুয়ের বোলারদের দাপটে আর মাত্র ২০০ রান সংগ্রহ করতেই সব উইকেট হারায় মুশফিকরা।

৪৬ রান নিয়ে খেলা শুরু করা মুমিনুল হক দুই রান করেই মাঠ থেকে বিদায় নেন। এরপর একই পথের পথিক হন পাঁচ রান নিয়ে মাঠে নামা মাহমুদুল্লাহ (১৬)। ১৫ রান করে সাজঘরে ফিরে যান দলনেতা মুশফিক।

তবে সমর্থকদেরকে আশার আলো দেখান সাকিব আল হাসান। শুভাগত হোমকে নিয়ে সফরকারী বোলারদেরকে পরাস্ত করে হাফ-সেঞ্চুরি পার করেন তিনি। তবে ৭১ রান করে এই অল রাউন্ডার বিদায় নেয়ার পর দ্রুতই আরো দুই উইকেট হারায় বাংলাদেশ।

৩৫ রান করে শুভাগত হোম রান আউটের ফাঁদে পড়েন। তবে শেষ দিকে দলের হাল ধরেন রুবেল হোসেন। শেষ পর্যন্ত ৪৫ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি।

জিম্বাবুয়ের বোলার সিকান্দার রাজা সর্বোচ্চ তিনটি উইকেট পান। এছাড়া দুটি করে উইকেট নেন পানিয়ানগারা, হ্যামিল্টন মাসাকাদজা ও শিঙ্গি মাসাকাদজা।

জেডআই