ভুটানে অনুষ্ঠিত কিংস কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শনিবার নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবকে (এমএমসি) ২-১ গোলে হারিয়েছে তারা।
এই জয়ের ফলে ভারতের কলকাতায় অনুষ্ঠিত আইএফএ শিল্ডের ফাইনালে খেলার পর আরো একবার বিদেশের মাটিতে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের ক্লাবটি।
এই ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বীতার মধ্য প্রথমার্ধের লড়াইয়ে কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে লিড নেয় এমএমসি। তাদের পক্ষে এই গোলটি করেন সেড্রিক।
এরপর খেলায় ফেরার জন্য তুমুল লড়াই করে শেখ জামাল। খেলার ৮০ মিনিটে অল্পের জন্য দলকে সমতায় ফেরাতে পারেননি নাসিরুদ্দিন।
তবে ৮৫ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশের ক্লাবটি। শেখ জামালের হয়ে এই গোলটি করেন শাখওয়াত রনি। ৯০ মিনিটের লড়াইয়ে আর কোনো দলই গোল করতে পারেনি।
এরপর খেলা গড়ায় অতিরিক্ত মিনিটে। এতে প্রথম মিনিটেই গোলের দেখা পায় শেখ জামাল। ৯১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে দলকে লিড এনে দেন রনি। এরপর ৯৯ মিনিটে আরো একটি সুযোগ পায় শেখ জামাল। কিন্তু সেটি কাজে লাগাতে পারেনি তারা।
শেষ পর্যন্ত ১১ জনের দল নিয়ে খেলা শেষ করতে পারেনি শেখ জামাল। খেলার ১০৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নেন সোহেল রানা। তবে জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।
জেডআই





