ফুটবলে মাঠে একে অন্যের বিরুদ্ধে লড়াই করলেও প্রাণঘাতী ইবোলার বিরুদ্ধে একত্রে লড়ছেন বিশ্বের শীর্ষ ফুটবলাররা। ইবোলা সম্পর্কে সচেতনতা বাড়াতে ফিফা, আফ্রিকান ফুটবল ফেডারেশন ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করবেন রোনালদো-নেইমারসহ ১১জন ফুটবলার।
"ইবোলার বিরুদ্ধে ১১" ক্যাম্পেইনে রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, বার্সেলোনা তারকা নেইমার, চেলসির দিদিয়ের দ্রগবা ও বায়ার্ন মিউনিখের ফিলিপ লামসহ আরো অনেকে।
'এক সঙ্গে আমরা ইবোলাকে হারাতে পারি' এই স্লোগান নিয়ে স্বাস্থ্য সম্পর্কিত ১১টি বিষয় মানুষের সচেতনা বৃদ্ধির জন্য কাজ করবেন ফুটবলাররা। একই সাথে হ্যাশট্যাগ #wecanbeatebola এর মাধ্যমে প্রত্যেকটি বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন।
ইবোলার বিরুদ্ধে ১১টি সচেতনতামূলক বার্তা:
১. "অস্বাভাবিক অসুস্থ্যতা বা মৃত্যু সম্পর্কে রিপোর্ট করুন।
২. লক্ষ্মণগুলো জানুন: অরুচিসহ জ্বর, মাথা ব্যথা, ক্লান্তি, ব্যথা, বমি, রক্তক্ষরণ অথবা ডায়েরিয়া আছে কি না।
৩. দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
৪. ইবোলা আক্রান্ত কারো সঙ্গে সরাসরি শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকুন।
৫. ইবোলা আক্রান্ত বা সন্দেহজনক কারো স্পর্শ করা কোনো কিছু ধরলে হাত ভালোভাবে ধৌত করে জীবাণুমুক্ত করুন।
৬. জীবাণু থেকে সুরক্ষিত হতে গ্লাভস বা অন্য কোনো কাপড় ব্যবহার করুন।
৭. মাংশ বা অন্য কোনো প্রাণীজাত খাবার ভালভাবে রান্না করুন।
৮. যৌনতায় নিরাপদ ব্যবস্থা গ্রহণ করুন।
৯. বন্য প্রাণী ও বাঁদুড় থেকে দূরে থাকুন।
১০. ইবোলা বা অজানা কোনো রোগে মারা যাওয়া ব্যক্তির লাশ সরাসরি স্পর্শ করা থেকে বিরত থাকুন।
১১. নিরাপদ দাফনের ব্যবস্থা গ্রহণ করুন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলায় ৯ নভেম্বর পর্যন্ত ৬টি দেশে ১৪ হাজার ৯৮ জন আক্রান্ত হয়েছে। আর এ পর্যন্ত এতে মারা গেছে ৫ হাজার ১৬০ জন। রোগটির প্রকোপ সবচেয়ে বেশি ছড়িয়েছে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে।
এ বিষয় সচেতনতা বৃদ্ধির জন্য এ সম্পর্কিত পোস্টার, ছবি ও ব্যানার সবার মধ্যে ছড়িয়ে দিতে সবাইকে অনুরোধ করা হয়েছে। একই সাথে এই তথ্য ও হ্যাশট্যাগ #wecanbeatebola শেয়ার করতে অনুরোধ করা হয়েছে।
জেডআই





