এশিয়ান গেমসে ইভেন্টের সংখ্যা কমিয়ে আনার চাপ সত্ত্বেও এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভাপতি আশ্বস্ত করেছেন কাবাডি, স্পেকটাক্র, উশুর মত ইভেন্টগুলো বাদ দেয়া হবে না।

এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) এর সভাপতি শেখ আহমাদ আল-ফাহাদ আল সাবাহ জানিয়েছেন এই অঞ্চলের বাইরে এই তিনটি ডিসিপ্লিন ততটা জনপ্রিয় না হলেও এশিয়ান গেমস থেকে এগুলো বাদ দেবার কোন পরিকল্পনা তাদের নেই। ওসিএ সভাপতি বলেছেন, ‘আমাদের অবশ্যই এশিয়ান ঐতিহ্য এবং এশিয়ান খেলাগুলোকে শ্রদ্ধা করতে হবে ও সমর্থন করতে হবে। দক্ষিণ এশিয়ায় কাবাডি ছাড়া অন্য কোন কিছুই চিন্তা করা যায় না। দক্ষিণ পূর্বাঞ্চলীয় এশিয়ায় স্পেকটাক্র এবং পূর্ব এশিয়ায় উশু বেশ জনপ্রিয়।’

কাবাডি ভারতীয় উপমহাদেশের খেলা, উশু চাইনিজ মার্শাল আর্টের একটি অংশ, আর স্পেকটাক্র দক্ষিণ পূর্বাঞ্চলীয় এশিয়ান ভলিবলের একটি ইভেন্ট যা পা দিয়ে খেলতে হয়। ১৫ দিনব্যাপী আয়োজিত ১৭তম ইনচেন এশিয়ান গেমসে এই তিনটি ডিসিপ্লিনও অনুষ্ঠিত হচ্ছে। পরিপূর্ণ অলিম্পিক ডিসিপ্লিনসহ সর্বমোট ৩৬টি ডিসিপ্লিনে এবার দশ হাজার এ্যাথলেট প্রতিদ্বন্দ্বীতা করছে।

শেখ আহমাদ বলেছেন, আমাদের সবসময় অলিম্পিকের সাথে তুলনা করলে চলবে না। আমি বিশ্বাস করি ৩৬ খুবই ভাল সংখ্যা। এখানে বড় খেলাগুলোর পাশাপাশি অপেক্ষকৃত ছোট ইভেন্টগুলোকেও আমরা সমান গুরুত্ব দেবার চেষ্টা করেছি। এশিয়ান গেমসে এই ধরনের ক্রীড়াগুলো যদি সুযোগ পায় তবে সেগুলো অলিম্পিক ইভেন্ট হিসেবে অন্তর্ভূক্ত হবার প্ল্যাটফর্ম তৈরি করবে। এশিয়াই সেই দরজা খুলে দিবে।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই