দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের পাশাপাশি তিন বছর মেয়াদি একটি ওয়ানডে লিগ চালু করার কথাও ভাবছে আইসিসি।

প্রস্তাব অনুযায়ী ১৩টি দল নিয়ে হবে এই ওয়ানডে লিগ। ১০টি টেস্ট খেলুড়ে দেশের বাইরে এই লিগের অংশ হতে পারে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও আরেকটি সহযোগী দেশ। সে দেশটি হতে পারে নেপাল।

এই লিগে প্রতিটি দল পরস্পরের সঙ্গে দেশে বা দেশের বাইরে ৩ ম্যাচের একটি করে সিরিজ খেলবে। ৩ বছরের এই প্রক্রিয়া শেষে দুটি দল খেলবে ফাইনালে। সেক্ষেত্রে ৩ বছরে প্রতিটি দল ফাইনাল ছাড়াও খেলবে ৩৬টি ওয়ানডে। এই লিগের ফলাফলের ওপর নির্ভর করে নির্ধারিত হতে পারে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতাও।

বিশ্বকাপের বাইরে ওয়ানডে ম্যাচগুলোকে নতুন মাত্রা দিতেই আইসিসির এমন উদ্যোগ। এতে দ্বিপাক্ষিক সিরিজগুলো আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে বিশ্বাস ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির। দর্শক ও টিভি সম্প্রচারকারী সংস্থার আগ্রহ বাড়বে। বাড়বে রাজস্ব আয়ও।

আগামী ২৭ জুন এডিনবার্গে শুরু হতে যাওয়া আইসিসির বার্ষিক সাধারণ সভায় এ নিয়ে আলোচনা হতে পারে। সভায় অনুমোদিত হলে ২০১৯ সাল থেকেই শুরু হয়ে যেতে পারে এই ওয়ানডে লিগ।সূত্র : ক্রিকইনফো।

এফএফ