লিভারপুলের হয়ে মোহাম্মদ সালাহ ২০১৭-১৮ মৌসুমে ৩২ গোল করে রেকর্ডবুকে সর্বোচ্চ স্কোরারের নাম লিখেছিলেন। তবে, সেটা ছিল ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। কিন্তু একসময় প্রিমিয়ার লিগ ছিল ৪২ ম্যাচের। এই ৪২ ম্যাচের লিগে ৩৪টি করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন অ্যালান শিয়েরার এবং অ্যান্ডি কোল।

এই দু’জনকেই বুধবার রাতে পেছনে ফেলেছেন আর্লিং হালান্ড। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেয়ার পর অভিষেক মৌসুমেই এই অসাধারণ রেকর্ডটি গড়ে ফেললেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। এখনও এবারের লিগে ম্যানসিটির হয়ে ৫টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন হালান্ড।

হালান্ডের রেকর্ড গড়া গোলটিও ছিল চমৎকার, অসাধারণ। জ্যাক গ্রিলিশের কাছ থেকে বল পেয়ে ওয়েস্টহ্যামের পুরো ডিফেন্সকে পেছনে ফেলে দেন গতির ঝড়ে। সামনে ছিলেন কেবল গোলরক্ষক লুকাজ ফ্যাবিয়নস্কি। তার সামনে গিয়ে বলকে আলতো চিপে মাথার ওপর দিয়ে ওয়েস্টহ্যামের জালে জড়িয়ে দেন তিনি। সে সঙ্গে ম্যানসিটিকেও এগিয়ে নিচ্ছেন গত ৬ বছরে ৫ম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দিকে।

ম্যাচের পর স্কাই স্পোটসকে হালান্ড বলেন, ‘এটা অবশ্যই বিশেষ একটা রাত আমার জন্য। আমি সত্যিই খুব সুখি এবং গর্বিত। এর চেয়ে আর কী বলতে হবে আমার জানা নেই।’

তিনি আরও বলেন, ‘আমি রেকর্ড সম্পর্কে জানতাম। তবে আমার চেষ্টা হচ্ছে, আরও বেশি গোলের সুযোগ তৈরি করা এবং গোল করা।’

অ্যান্ডি কোল ৩৪ গোল করেছিলেন ১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। পরের বছরই ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে সমসংখ্যক গোল করেন অ্যালান শিয়েরার। দু’জনই ৪২ ম্যাচের মৌসুমে সর্বোচ্চ ৩৪ গোল করেন। আর হালান্ড ৩৫ গোল করেছেন এবার ৩১টি ম্যাচ খেলে।

ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলারদের মধ্যে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৪৪টি গোল করেনছিলেন ম্যানইউর হয়ে রুড ফন নিস্টলরয় এবং লিভারপুলের মোহাম্মদ সালাহ। ২০০২-০৩ মৌসুমে নিস্টলরয় এবং ২০১৭-১৮ মৌসুমে সালাহ এ রেকর্ড গড়েছিলেন। তবে তাদের দু’জনকে অনেক আগেই পেছনে ফেলেছেন হালান্ড। এখন তার নামের পাশে শোভা পাচ্ছে মোট ৫২ গোল।

হালান্ডের সামনে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডের হাতছানি রয়েছে। ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৬০ গোল (সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে) করার রেকর্ড রয়েছে এভার্টনের কিংবদন্তি দিক্সিয়ে ডিনের দখলে। ১৯২৭-২৮ মৌসুমে এই রেকর্ড গড়েন তিনি। আর ৮টি গোল হলেই হালান সর্বকালের সেরা হিসেবে এককভাবে চলে যাবেন সবার ওপরে।

এবি