ক্রিকেটারদের দেনা-পাওনা নিয়ে অভ্যন্তরীণ সমস্যার কারণে সফর বাতিল করায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত তাদের ফিরতি ওয়েস্ট ইন্ডিজ সফর বাতিল করতে পারে বলেও শনিবার বোর্ডর শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন।

সফরে পঞ্চম ও শেষ ওয়ানডে, একটি টি-২০ ম্যাচ এবং তিন টি টেস্ট ম্যাচ বাকি থাকতেই শুক্রবার ক্যারিবীয় দলটি তাদের ভারত সফর বাতিল করে।

বার্তা সংস্থা এএফপিকে বিসিসিআই সম্পাদক সঞ্জয় প্যাটেল বলেন,‘ যা ঘটেছে তা অত্যন্ত দু:খজনক এবং আমরা কঠিন ব্যবস্থা নেব। এমন ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিতে চাই।’

বর্তমান অবস্থা পর্যালোচনা করতে বিসিসিআইর কার্যকরি সভা সোমবার হায়দ্রাবাদে বৈঠকে বসবে বলেও জানান তিনি।

ভবিষ্যতে ওয়েস্ট ইন্ডিজ সফর প্রত্যাখ্যান একটি বিকল্প কি না- জানতে চাইলে প্যাটেল বলেন, ‘সব কিছুই বিবেচনা করা হবে।’

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুসারে ২০১৬ সালে ফেব্রুয়ারি-মার্চে ভারতীয় দলের ক্যারিবীয় সফরে তিনটি টেস্ট, একটি টি-২০ এবং পাঁচটি ওয়ানডে খেলার সূচি রয়েছে।

জেডআই