অ্যাঙ্গেল ডি মারিয়ার শটটা ফিরে এসেছিল গোলপোস্টে লেগে। কিন্তু ফিরতি বলটাই নাইজেরিয়ার জালে জড়িয়ে দিতে কেনো ভুল হলো না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির। ম্যাচের বয়স তখন মাত্র তিন মিনিট।

আর্জেন্টিনাকে অবশ্য খুব বেশিক্ষণ এগিয়ে থাকতে দেননি নাইজেরিয়ার স্ট্রাইকার আহমেদ মুসা। এক মিনিট পরেই দুর্দান্ত এক শটে বল জড়িয়েছেন আর্জেন্টিনার জালে। প্রথম পাঁচ মিনিটের মধ্যেই স্কোরলাইন ১-১। এমন ঘটনা বিশ্বকাপের ইতিহাসেই ঘটেছে প্রথমবারের মতো।


প্রথমার্ধে আরও কয়েকবার নাইজেরিয়ার রক্ষণভাগকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ডরা। ২৯ মিনিটে ডি মারিয়ার দুরপাল্লার জোড়ালো শট রুখে দিয়েছেন ভিনসেন্ট এনেইয়ামা। ৪১ মিনিটে মেসির একটি ফ্রি-কিকও ফিরিয়ে দিয়েছিলেন নাইজেরিয়ার গোলরক্ষক। কিন্তু ৪৫ মিনিটের মাথায় মেসির আরেকটি দুর্দান্ত ফ্রি-কিক আর রুখতে পারেননি এনেইয়ামা। আর্জেন্টিনার অধিনায়কের জোড়া গোলে ভর করে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে আর্জেন্টিনা।

ঢাকা, ২৫ জুন  (টাইমনিউজবিডি.কম) // জেআই