ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগে ৫০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ড ও লিভারপুলের মিডফিল্ডার স্টিভেন জেরার্ড।

শনিবার রাতে লীগ ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নের বিপক্ষে খেলতে নেমে এমন বিরল কীর্তির মালিক হন জেরার্ড। ৫০০টি ম্যাচই ইংলিশ প্রিমিয়ার লীগে খেলেছেন ৩৪ বছর বয়সী জেরার্ড।

১৯৯৮-৯৯ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগ ও লিভারপুলের হয়ে প্রথম খেলতে নামেন জেরার্ড। ব্যস, এরপর আর কখনো দল পরিবর্তন করেননি তিনি। লিভাপুলের সাথে সন্ধি করে ফেলেন জেরার্ড। এক পর্যায়ে শততম, দু’শ’, ৩শ’, ৪শ’ ম্যাচও খেলে ফেলেন তিনি। অবশেষে ৫শ’ ম্যাচ খেলার রেকর্ডও গড়লেন জেরার্ড। তাতে রেকর্ড বইয়ে জায়গা পেলেন এই মিডফিল্ডার। লীগে তার গোলের সংখ্যা ১১৭টি।

জেরার্ডের আগে অবশ্য ৫শ’ বা তার চেয়ে অনেক বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন আরও পাঁচজন। তারা হলেন- রায়ান গিগস, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ডেভিড জেমস, গ্যারি স্পিড ও গ্যারেথ ব্যারি। এরমধ্যে একমাত্র গিগসই ৬শ’র বেশি ম্যাচ খেলেছেন। আর বাকীরা সবাই ৫শ’র বেশি ম্যাচ খেলেছেন।

তবে মাইলফলক স্পর্শ করার ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারেননি জেরার্ড। নিজেদের দল লিভারপুল গোলশূন্য ড্র করেছে ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নের সাথে। এই ড্র’য়ে ৩৩ খেলায় ৫৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে লিভারপুল।

ইংলিশ লীগে ৫’শ ম্যাচ খেলা খেলোয়াড়রা :

খেলোয়াড় : ম্যাচ

রায়ান গিগস ৬৩২

ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ৫৭৭

ডেভিড জেমস ৫৩২

গ্যারি স্পিড ৫৩৫

গ্যারেথ ব্যারি ৫২৯

স্টিভেন জেরার্ড ৫০০

জেডআই