ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ক্যারিবীয়রা ৩৮০ রান করলেও ফলো অন এড়ানো স্কোর করতে পারেনি বাংলাদেশ। ১৬১ রানেই ইনিংস গুটিয়ে গেছে তাদের। তবে বাংলাদেশকে ব্যাটিংয়ে না পাঠিয়ে আবার ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা।
সোমবার টেস্টের তৃতীয় দিনে ১০৪ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। হাতে ছিল মাত্র তিনটি উইকেট। মাহমুদুল্লাহর ব্যাটে অন্তত: ফলো অন এড়ানোর স্বপ্ন দেখেছিল সমর্থকরা। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন তারা। ১৩ রান নিয়ে খেলতে নামা মাহমুদুল্লাহ করে ফেলেন হাফ সেঞ্চুরি। কিন্তু এরপর আর এগুতে পারেননি তিনি। ৫৩ রান করে আউট হয়ে যান এই অল রাউন্ডার। দ্রুতই সাজঘরে ফিরে যান শফিউল ইসলাম ও রবিউল ইসলাম। ফলে ইনিংস শেষ হয়ে যায় সফরকারীদের।
বাংলাদেশকে আবার ব্যাট করতে পাঠানোর সুযোগ থাকলেও সেটি গ্রহণ করেননি ক্যারিবীয় অধিনায়ক দিনেশ রামদিন। তার দল ২১৯ রানে এগিয়ে থেকেও আবার ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





