ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে রোববার। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। কোলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
টানা চার হার দিয়ে এবারের আইপিএলের যাত্রা শুরু করে মুম্বাই। পঞ্চম ম্যাচে প্রথম জয় পেলেও ষষ্ঠ ম্যাচে আবারো হারের বৃত্তে ঢুঁকে পড়ে মুম্বাই। ফলে কোয়ালিফাইয়ার-এলিমিনেটর রাউন্ডে যাবার পথ কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ে তাদের। কিন্তু সেই কঠিনকে জয় করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লীগ পর্ব শেষ করে মুম্বাই।
সপ্তম থেকে চৌদ্দ ম্যাচের মধ্যে সাতটি জিতে নেয় রোহিত শর্মার দল। আর ১টি ম্যাচে হারে তারা। ফলে ১৪ খেলায় ১৬ পয়েন্ট সংগ্রহের ঝুলিতে পড়ে মুম্বাইয়ের। আর প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চেন্নাইকে দাপটের সাথে হারিয়ে তৃতীয়বারের মত আইপিএলের ফাইনালে উঠে মুম্বাই।
আগের দু’বারের মধ্যে একটি ফাইনালের শিরোপা জিতে তারা। তাই আইপিএলে দ্বিতীয়বারের মত শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে কাল ফাইনাল খেলতে মাঠে নামছে মুম্বাই।
মুম্বাই ইন্ডিয়ান্সের মত টুর্নামেন্টের শুরু থেকে কষ্ট করতে হয়নি চেন্নাইকে। প্রথম সাত ম্যাচের ছয়টিতে জিতে কোয়ালিফাইয়ার-এলিমিনেটর রাউন্ডে যাওয়ার পথ অনেকটাই সহজ করে ফেলে তারা।
শেষ পর্যন্ত ১৪ খেলায় ১৮ পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে প্রথম কোয়ালিফাইয়ারে মুম্বাইয়ের মুখোমুখি হয় ধোনির দল। কিন্তু সেখানে নিজেদের সেরাটা দেখাতে পারেনি তারা। ২৫ রানে ম্যাচ হারে চেন্নাই। ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য দ্বিতীয় কোয়ালিফাইয়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রতিপক্ষ হয় চেন্নাই। সেখানে নিজেদের সেরা পারফরমেন্স প্রদর্শন করেছে রায়না-নেহরারা। ৩ উইকেটে ম্যাচ জিতে ষষ্ঠবারের মত ফাইনালে উঠে চেন্নাই। তাই তৃতীয় শিরোপা জয়ের সুযোগ তৈরি হয়েছে চেন্নাইয়ের।
আইপিএলের ইতিহাসে এর আগে দু’বার ফাইনালে মুখোমুখি হয়েছে মুম্বাই ও চেন্নাই। একটি করে ফাইনাল জিতেছে দু’দল। তাই এবারের ফাইনালে যে দল জিতবে, তাদের এগিয়ে যাবার পালা থাকবে।
জেডআই





