আঙ্গুলের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে ছিলেন না ভারতের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যে কারণে সিরিজের ওই টেস্টে বিরাট কোহলিকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু ফিলিপ হিউজের মৃত্যুর কারণে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়।

তাই নতুন সূচি অনুযায়ী সেই ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল মঙ্গলবার। কিন্তু ম্যাচে পিছিয়ে গেলেও চিকিৎসকদের সবুজ সংকেত না পাওয়ায় প্রথম টেস্টে মাঠে নামতে পারছেন না ধোনি।

২০১২ সালের জানুয়ারির পর এই প্রথমবারের মতো টেস্ট মিস করছেন তিনি। অ্যাডিলেডে তার পরিবর্তে খেলবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। সুতরাং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।

এ বিষয়ে ভারতের পোস্টার বয় কোহলি বলেন ‘হ্যাঁ, অ্যাডিলেডে আমি ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছি। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যেই ১০০% সুস্থ হয়ে মাঠে ফিরবেন ধোনি।’

টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হওয়ার আগে রোমাঞ্চিত কোহলির ভাষ্য, ‘আমার জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে এটা অন্যতম। অনেক দিন ধরেই স্বপ্ন দেখে আসছি ভারতের হয়ে টেস্টে অধিনায়কত্ব করব। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।’

এসএইচ