রেলিগেশনের খড়ায় এবার পড়তে হলো ফুলহ্যাম এবং কার্ডিফ সিটিকে। প্রিমিয়ার লিগের ৩৭তম ম্যাচে উভয় দলই বড় ব্যবধানে নিজ নিজ অ্যাওয়ে ম্যাচে পরাজিত হওয়ায় এবারের মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে তাদের নেমে যেতে হলো।
স্টোক সিটির কাছে শনিবার ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়ে ফুলহ্যাম তাদের ১৩ বছরের প্রিমিয়ার লিগের খেলার কৃতিত্বে ইতি টেনেছে। ৩৭ ম্যাচ থেকে মাত্র ৯টিতে জয়, ৪টি ড্র এবং ২৪টিতেই পরাজিত হয়ে ফুলহ্যামের সংগ্রহে জমা পড়েছে ৩১ পয়েন্ট।
অন্যদিকে নিউক্যাসেলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে কার্ডিফ সিটি। ৩৭ ম্যাচে ৭টি জয়, ৯টি ড্র এবং ২১ ম্যাচে পরাজিত হয়ে কার্ডিফের সংগ্রহ ৩০ পয়েন্ট। আর এর সুবাদে প্রিমিয়ার লিগের সর্বশেষ দুটি দল হিসেবে ক্লাবগুলো রেলিগেটেড হয়ে নিচে নেমে গেছে।
টেবিলের তলানিতে থাকা এই দুই দলের পরাজয়ের দিনে নিচের দিক থেকে চতুর্থ স্থানে থাকা সান্ডারল্যান্ড ১-০ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চমক সৃষ্টি করেছে। এই জয়ে গাস পয়েটের দল ফুলহ্যামের থেকে চার পয়েন্ট এবং কার্ডিফের থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে তলানিতে থাকা এড়িয়েছে। যদিও বুধবার ঘরের মাঠে ওয়েস্ট ব্রুমউইচের বিপক্ষে জিততে পারলে এবং রোববার চেলসির কাছে যদি নরউইচ সিটি হারে তবে সান্ডারল্যান্ড এই যাত্রা বেঁচে যাবে।
এবারের লিগের মাঝামাঝিতে কার্ডিফ এবং ফুলহ্যাম উভয় দলই ম্যানেজার পরিবর্তন করেও নিজেদের অবস্থানের উন্নতি করতে পারেনি। গত জানুয়ারিতে কার্ডিফে বরখাস্তকৃত মালকে ম্যাকের স্থলাভিষিক্ত হন ওলে গানার সোলকায়ের এবং মার্টিন জোল ও রেনে মেওলেস্টিনের পরে তৃতীয় কোচ হিসেবে ফুলহ্যামের দায়িত্ব নিয়েছিলেন ফেলিক্স মাগাথ।
ঢাকা, ৪মে (টাইমনিউজবিডি) //জেডআই