অস্ট্রেলিয়া না আসায় বাংলাদেশের ক্রিকেটের খুব বেশি ক্ষতি হবে বলে মনে করছেন না ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

আজ শুক্রবার দুপুরে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ দল যোগ্যতার মাধ্যমেই নিজেদের অবস্থান তৈরি করেছে। সুতরাং ক্রিকেটে বাংলাদেশকে গণ্য করেই চলতে হবে।’

অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে না আসা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রিকেটে বাংলাদেশ এখন আর কারও অনুগ্রহের পাত্র নয়। তাই অস্ট্রেলিয়া বাংলাদেশে না আসায় আমাদের ক্রিকেটের খুব বেশি ক্ষতি হবে তা আমি মনে করি না। তবে অস্ট্রেলিয়া আসলে ভালো হতো। তাদের না আসাটা পীড়াদায়ক।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারপরও তারা কোন পর্যবেক্ষণের ভিত্তিতে সিরিজটি স্থগিত করল তা তারা জানায়নি। আর সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। এখন বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান এমন নেই যে, কারও মুখের দিকে চেয়ে চলতে হবে।’

এর আগে প্রতিমন্ত্রী যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে তৃণমূল নারী উদ্যোক্তাদের জন্য ‘ইকোনমিক সাস্টেইন্যাবিলিটি অব গ্রাসরুটস উইমেন এন্টারপ্রেনার্স (এজিডব্লিউইবি) ’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

এমআর