তাইজুলের বলে পাকিস্তানি ব্যাটসম্যান সামি আউট। সামি আসলাম ১৯ রান করে আউট হন। এই নিয়ে পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন হল। পাকিস্তানের মোট রান ৫৮। আজহার ২৫ রানে অপরাজিত আছেন।
এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। জিতেছে টি-টোয়েন্টিতেও। সেই সঙ্গে প্রথমবারের মতো টেস্টেও গৌরবের ড্র করেছেন টাইগাররা। এবার প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আর সে লক্ষ্যে আজ সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হয়েছে মুশফিক বাহিনী।
ফিল্ডিং করতে নেমে অবশ্য প্রথমে একটা ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারে বল করতেই হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন পেসার শাহাদাত হোসেন। তবে ইনিংসের চতুর্থ ওভারে পাকিস্তানকে ধাক্কা দেয় বাংলাদেশ। দলীয় ৯ রানে মোহাম্মদ হাফিজকে সাজঘরে পাঠান মোহাম্মদ শহীদ। হাফিজকে মুশফিকের গ্লাভসবন্দি করান শহীদ। ১৬ বল খেলা হাফিজের সংগ্রহ ৮ রান।
ইনিংসের ১২তম ওভারে পাকিস্তানের দলীয় ৪০ রানে নিজের দ্বিতীয় উইকেট পেতে পারতেন শহীদ। তার ডেলিভারিতে থার্ড স্লিপে আজহার আলীর দারুণ এক ক্যাচ নেন সৌম্য সরকার। কিন্তু পরে থার্ড আম্পায়ার বলটি ‘ওভারস্টেপের’ কারণে নো দেন। যদিও শহীদের পায়ের গোড়ালি পুরোপুরি লাইন অতিক্রম করেনি!
খুলনা টেস্টের একাদশ থেকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। ইনজুরিতে বাদ পড়া পেসার রুবেল হোসেনের জায়গায় খেলবেন শাহাদাত হোসেন রাজীব।
পাকিস্তান দলেও একটি পরিবর্তন এসেছে। জুলফিকার বাবরের বদলে দলে ঢুকেছেন ইমরান খান।
ইআর





