বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন করেছেন স্প্যানিশ তারকা জেরার্ড পিকে। ক্লাবটির নতুন কোচ এনরিকের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে সোমবার বার্সার সঙ্গে আরো চার বছরের জন্য চুক্তির মেয়াদ বৃদ্ধি করলেন তিনি।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নতুন চুক্তি অনুসারে ২০১৮-১৯ মৌসুমের শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি করেছেন ২৭ বছর বয়সী এ সেন্টার ব্যাক। তবে কি পরিমাণ অর্থের বিনিময়ে নতুন এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ক্লাবের সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৫ সালের ৩০ জুন।
আসন্ন বিশ্বকাপে স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য পিকে বার্সেলোনার দেয়া এ বিবৃতিতে বলেন,‘মনে হচ্ছে আমার পুরো ক্যারিয়ারটাই আমি এখানে শেষ করব। যা সত্যিই আমার জন্য গুরুত্বপূর্ণ। বিগত বছরগেুলোর মত আগামী দিনগুলোতেও অনেক সফলতা পাব বলে আশা করছি।’
ট্রফি বিহীন মৌসুম শেষ করার পর আর্জেন্টাইন কোচ জেরার্ড মার্টিনোর পরিবর্তে গত সপ্তাহে দলের কোচের দায়িত্ব গ্রহণ করা ৪৪ বছর বয়সী এনরিকেরও প্রশংসা করেন পিকে।
পিকে বলেন, ‘সত্যিই আমি আশাবাদী।’
তিনি আরো বলেন, ‘এনরিক তার পরিষ্কার ধারণাগুলো দেখিয়েছেন। তিনি ক্লাব সম্পর্কে জানেন এবং আমাদের অনেক কিছু দেবেন বলে আমি আশা করছি।’
ঢাকা, ২৬মে (টাইমনিউজবিডি) //জেডআই