আগের ম্যাচে বলিভিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল আর্জেন্টিনা। তাই প্রীতি ম্যাচ হলেও শক্তিশালী এই দলটির মুখোমুখি হওয়ার আগে এক প্রকার আতঙ্কেই ছিল মেক্সিকো।
তাই বুধবার মেসি-আগুয়েরোদের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে ম্যাচ শেষ করতে পারাতেই সন্তোষ প্রকাশ করেছেন মেক্সিকো কোচ রিকার্ডো ফেরেত্তি।
অবশ্য আর্জেন্টিনার বিপক্ষে জয়ের দারুণ সুযোগ মেক্সিকোর। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু ৮৫ ও ৮৯ মিনিটের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা।
আগামী মাসের ৯ তারিখে কনকাকাফ কনফেডারেশন্সের প্লে-অফের ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে মেক্সিকো। এর আগে অনুপ্রেরণার জন্য আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচটিতে দারুণ একটি ফল দরকার ছিল দলটির। শেষ পর্যন্ত শক্তিশালী আর্জেন্টাইনদের বিপক্ষে এমন ফলাফলে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে মেক্সিকো।
এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে মেক্সিকো কোচ ফেরেত্তি বলেন, ‘আর্জেন্টিনার মত একটি দলের বিপক্ষে ২-০ ব্যবধানে শেষ করার কথা আপনি চিন্তাই করতে পারবেন না।’
আর্জেন্টিনার আগে ত্রিনিদাদ এন্ড টোবাগোর বিপক্ষে ৩-৩ ব্যবধানে ড্র করেছে মেক্সিকো। তবে জয়ের হাসি হাসতে না পারলেও শেষ দুই ম্যাচের ফলকে ইতিবাচকভাবেই দেখছেন ফেরেত্তি, ‘শেষ দুই ম্যাচের ড্রয়ে আমি সন্তষ্ট রয়েছি।
আমরা এই দুই ম্যাচে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। পারফরম্যান্সে অনেক নেতিবাচক দিক রয়েছে। তবে আমি শুধু ইতিবাচক দিকগুলো নিয়েই কাজ করতে চাই। খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গি বেশ ভালো রয়েছে।
এমকে





