জুভেন্টাসের সাথে বর্তমান চুক্তি আর বৃদ্ধি না করার কথা প্রকাশ করেছেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ।

দুই মৌসুম আগে ম্যানচেস্টার সিটি থেকে সিরি-আ চ্যাম্পিয়ন দলে আসার পর থেকে তেভেজ দূর্দান্ত ফর্মে আছেন। বর্তমানে ইতালিয়ান লিগে তিনি সর্বোচ্চ স্কোরার। তবে তুরিনের দলটির সাথে তার বর্তমান চুক্তি আর বৃদ্ধি করার কোন ইচ্ছা নেই তেভেজের।

এই সম্পর্কে তিনি বলেছেন, ২০১৬ সাল পর্যন্ত জুভেন্টাসের সাথে করা আমার চুক্তিটিকে আমি শ্রদ্ধা করি। এটা আমার পরিকল্পনা। এই মুহূর্তে এই চুক্তি নবায়ন করার কোন ইচ্ছা আমার নেই।

জুভেন্টাস ছেড়ে ছোটবেলার ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দেবার কোন ইচ্ছা আছে কিনা-এমন প্রশ্নের উত্তরে ৩০ বছর বয়সী আর্জেন্টাইন তারকা জানিয়েছেন ভবিষ্যত নিয়ে এখনো কোন সিদ্ধান্ত তিনি নেননি।

তিনি বলেন, এই মুহূর্তে এ সম্পর্কে কিছু বলা কঠিন। বর্তমানে আমি সর্বোচ্চ পর্যায়ে খেলছি, তাই এখন শান্ত থাকাই গুরুত্বপূর্ণ। বর্তমানের মুহূর্তটি উপভোগ করাই হবে সঠিক সিদ্ধান্ত। অবিরাম ভবিষদ্বানী আমার মনোসংযোগ নষ্ট করতে পারে।

জেডআই