সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছেন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দুই অভিজ্ঞ খেলোয়ার হাশিম আমলা ও রিলি রসৌ।

বুধবার সেঞ্চুরিয়নের মাঠে বৃষ্টি বিঘ্নিত কার্টেল ওভারের (৪২ ওভার) ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। দলীয় ৫৯ রানে ২ উইকেট হারালেও অধিনায়ক আমলা ও টু ডাউনে ব্যাটিং করতে নামা রসৌর ব্যাটিং দৃঢ়তা নিরাপদ সংগ্রহ এনে দিয়েছে স্বাগতিকদের। ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরির দেখা পেয়েছেন আমলা।

অন্যদিকে, রিলি রসৌর এটি দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। ৯৮ বলে ১৩২ রান করে আউট হয়েছেন তিনি। অন্যদিকে আমলা আউট হয়েছেন ১৩৩ (১০৫ বল) রানে। শেষ অবধি নির্ধারিত ৪২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৬১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা।
উল্লেখ্য, সিরিজের টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ম্যাচে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

এমআর