বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম টেস্টে কিপিং ছেড়েছেন। এবারের শ্রীলংকা সফরে টেস্ট সিরিজে মুশফিক খেলবেন শুধু স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। এটা পুরনো খবর। তবে মুশফিক কিপিং ছাড়ায় নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে।
শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে মূল একাদশে কারা থাকছেন? মুশফিক কিপিং না করায় টেস্টে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াবেন লিটন কুমার দাস। কেননা লিটন ছাড়া আর কোনো উইকেটকিপার শ্রীলংকা সফরের টেস্ট স্কোয়াডে নেই।
মুশফিক উইকেট কিপিং না করায় বাড়তি একজন উইকেটরক্ষক একাদশে থাকছেন এটা নিশ্চিতই। তবে লিটনের জন্য জায়গা ছাড়তে হতে পারে মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমানের!
সাব্বিরের মূল একাদশে জায়গা পাওয়া যে কঠিন তার ইঙ্গিত অবশ্য প্রস্তুতি ম্যাচেই পাওয়া গেল। বৃহস্পতিবার মোরাতুয়ায় শুরু হয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ।
প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়নি সাব্বিরকে। ক্রিকইনফোতে দেয়া বাংলাদেশের একাদশে নাম নেই সাব্বিরের।
গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সাব্বিরের। ছিলেন নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টেস্টেও। ৫ টেস্টে ৩০ দশমিক ৮৭ গড়ে ২৪৭ রান করেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। রয়েছে ৩টি ফিফটি।
শ্রীলংকার বিপক্ষেও ১৬ সদস্যের স্কোয়াডে রয়েছেন সাব্বির। কিন্তু বুধবার রাতে মুশফিককে উইকেটের পেছন থেকে সরিয়ে দেয়ার যে সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নিয়েছে তাতেই মূল একাদশে সাব্বিরের জায়গা অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে লিটন দাসের টেস্টে অভিষেক হয় ২০১৫ সালে ভারতের বিপক্ষে। ওই বছরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলেন এ ডান-হাতি ব্যাটসম্যান। তিনটি টেস্ট খেলেছেন লিটন। তিন ম্যাচে তিন ইনিংসে ব্যাট করে ৩২.৩৩ গড়ে করেছেন ৯৭ রান। ১টি ফিফটি রয়েছে তার। এছাড়া উইকেটের পেছনে দাঁড়িয়ে তিনটি ক্যাচ ধরেছেন এ উইকেটরক্ষক।
মাহমুদ





