সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বের সূচিতে পরিবর্তন এসেছে। টুর্নামেন্ট থেকে ফিজি তাদের নাম প্রত্যাহার করে নেয়ায় এই সূচিতে পরিবর্তন আনা হয়।

নতুন সূচি অনুযায়ী এখন আসরের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, মেক্সিকো ও পোল্যান্ড। ‘এ’ গ্রুপে খেলবে স্বাগতিক সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান ও ইউক্রেন।

১৭ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী জাপান। যাদের বিপক্ষে ইনচন এশিয়ান গেমসে ০-৮ গোলে হেরেছিল লাল-সবুজরা।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নামবে লাতিন আমেরিকার দেশ মেক্সিকোর বিপক্ষে। বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচটি খেলবে ২০ জানুয়ারি। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপের দেশ পোল্যান্ড।

টুর্নামেন্টে অংশ নিতে আগামী রোববার ঢাকা ছাড়ার কথা রয়েছে জাতীয় হকি দলের।

জেডআই