গত সাত বছর ধরে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে।
মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ডটি অনেকটা তারা নিজেদের সম্পত্তি বানিয়ে রেখেছেন। সর্বশেষ দু’বার মেসিকে হটিয়ে সেরার আসনে বসেন পর্তুগিজ তারকা। দু’জনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীতাই বটে।
তবে, বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক এ কথা একেবারেই মানতে রাজি নন। মাঠের খেলায় রোনালদোর কোনো অর্জন তার মধ্যে প্রভাব ফেলে না বলে দাবি করেন চারবারের বিশ্বসেরা ফুটবলার। রিয়াল মাদ্রিদ তারকার সঙ্গে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বীতা নেই বলেও অভিহিত করেন ২৭ বছর বয়সী মেসি। এক সাক্ষাৎকারে তিনি এসব কথাই তুলে ধরেন।
ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী আরও বলেন, ‘রোনালদোর সঙ্গে আমার কোনো ধরণের প্রতিদ্বন্দ্বীতা নেই। সবই মিডিয়ার সৃষ্টি। মেসি বনাম রোনালদো, এটি কখনো হবেও না।’
চিলিতে ৪৪তম কোপা আমেরিকা টুর্নামেন্টে অংশ নিতে আর্জেন্টিনা দলের সঙ্গে অবস্থান করছেন মেসি। ১৩ জুন (শনিবার) প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ১৫তম শিরোপা জয়ের মিশনে নামবে আলবিসেলেস্তেরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে তিনটায়।
এসএইচ





