ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে কোনো উইকেট শিকার করতে পারেনি বাংলাদেশ। বিপরীতে স্বাগতিক বোলারদেরকে বেধড়ক পিটিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে ভারত।
বুধবার ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৩.৩ ওভারের পর বৃষ্টির কারণে দীর্ঘ চার ঘণ্টা খেলা বন্ধ থাকে। ফলে এদিন মাত্র ৫৬ ওভারের খেলা অনুষ্ঠিত হয়েছে।
পিচের অবস্থা বুঝে টস জিতে শুরুতেই ব্যাটিং বেছে নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আর সুযোগটি বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন ভারতের উদ্বোধনী জুটির ব্যাটসম্যান মুরালি বিজয় ও শেখর ধাওয়ান।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ধাওয়ান। বৃষ্টির পর মাঠে এসেও থেমে থাকেননি। বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। ১০২ রান পূর্ণ করতে খেলেছেন ১০১ বল। এতে ১৬টি চার মেরেছেন তিনি।
ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরির পরও মাঠে টিকে থাকেন। একজন পেসার নিয়ে দল সাজানো বাংলাদেশ তাকে ভয় পাইয়ে দিতে পারেনি। ফলে দিনশেষে ১৫৮ বলে ২১ চারে ১৫০ রান নিয়ে অপরাজিত থাকেন ধাওয়ান।
ধাওয়ানের সঙ্গে আস্তে চলো নীতিতে বিশ্বাসী মুরালি বিজয় অপরাজিত আছেন ৮৯ রান নিয়ে। এই স্কোর করতে ১৭৮ বলে ৮টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন।
জেডআই





