তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বিশ্বকাপের অবিচ্ছেদ্য একটি অংশে পরিণত হয়েছে। দ্বিতীয় বিশ্বকাপ (১৯৩৪) থেকেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলগুলোর মধ্যে বিষয়টি জনপ্রিয়তা হারিয়েছে। তাই নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গাল মনে করেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অবৈধ। তিনি ১০ বছর ধরে তৃতীয় স্থানের বিরোধিতা করে আসছেন।

ফন গাল বলেন, ‘এই ম্যাচ কখনোই খেলা উচিত নয়। এটা আমি গেল ১০ বছর ধরে বলে আসছি। আসলে এটা বৈধ নয়। বিশ্বকাপের শুধু একটা বিষয়ই গণনায় ধরা হয়, সেটা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সবচেয়ে নিকৃষ্টতম দিক হচ্ছে একটা দলকে টানা দুইবার হারতে হয়। সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে, পুরো টুর্নামেন্টে আপনি দারুণ খেলেছেন। কিন্তু আপনি বাড়ি ফিরছেন দুইবার পরাজিত হয়ে।’

তিনি আরও বলেন, ‘আমার দৃষ্টিতে এটা কোনো খেলা হতে পারে না। কারণ এখান থেকে তেমন কিছু পাওয়ার নেই।’

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই