টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। আর ইংলিশদের ইনিংসে জস বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৭১ রানে দারুন সংগ্রহ পায় দলটি। নির্ধারিত ওভার শেষে চার উইকেট হারিয়ে নিজেদের ইনিংস সাজায় ইংল্যান্ড।

গ্রুপ ওয়ানের এ ম্যাচটিতে দিল্লির ফিরোজ শাহ কোটলায় বাটলার ৬৬ রানে অপরাজিত থাকেন। তিনি ৩৭ বলে ৮ চার ও ২টি ছক্কায় তার ইনিংসটি সাজান। এটি তার ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি। অন্যপ্রান্তে ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বেন স্টোকস।

এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ অ্যালেক্স হেলসে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ওপেনার হেলস ৪ বল খেলে কোন রান না করেই প্যাভিলিওনে ফেরেন।

পরে দলীয় ৬৫ রানে জেফরি ভ্যান্ডারসের বলে আউট হন জো রুট। তিনি আউট হওয়ার আগে ২৪ বলে ৪ চারে ২৫ রান করেন।

ম্যাচের ৮৮ রানের সময় ব্যক্তিগত ৪২ রান করে আউট হন ওপেনার জেসন রয়। তিনি ৩৯ বলে ৩ চার ও ২ ছয়ে হাকিয়ে ভ্যান্ডারসের বলে এলবিডব্লিউ হন। ইনিংসের ২০তম ওভারের দ্বিতীয় বলে রান আউটের শিকার হন ইয়ন মরগান। আউট হওয়ার আগে তিনি ১৬ বলে ২২ রান করেন।

 

এমআইএস।