‘সতীর্থদের কাউকে আমি খাটো করছি না। তবে আমার কাছে মনে হয়েছে, ওরা ভালো খেলোয়াড় হলেও ওদের পুরোপুরি সেরা বলা যায় না।’ ক্রিস্টিয়ানো রোনালদোর এই মন্তব্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। তবে শোরগোলটা দাবানলের মতো ছড়িয়ে পড়ার আগেই রাশ টেনেছেন রোনালদো নিজেই। সতীর্থদের মান নয়, শুধুমাত্র তাঁদের ফিটনেস নিয়েই নাকি কথাটি বলেছেন।

নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাল কাছে ১-০ গোলে হেরে লা-লিগা শিরোপার আশা অনেকটা জলাঞ্জলি দিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে একরাশ হতাশাই ঘিরে ধরেছিল রোনালদোকে, তার ওপর সাংবাদিকেরা তাঁর পারফরম্যান্স নিয়ে কথা বলতে ছাড়লেন না। খেপে গিয়ে রোনালদো তখন বলে ওঠেন, ‘আমার সতীর্থরা যদি আমার মতো ভালো হতো। তাহলে আমরাই শীর্ষে থাকতাম।’

দুটি বাক্য, কিন্তু এতেই বোঝা যাচ্ছে রিয়াল মাদ্রিদের ভেতরের অবস্থা। বেশ কয়েকজন সতীর্থের নাম ধরে এই পর্তুগিজের মন্তব্যটা তো পুরো ফুটবল বিশ্বেরই মনোযোগ কেড়েছে আলাদাভাবে।

এ নিয়ে নানা কথাবার্তা শুরু হয়ে যাওয়ার পর একটা ব্যাখা দিয়েছেন রোনালদো, ‘আমি কথাটি বলেছিলাম ফিটনেসের দিকে ইঙ্গিত করে। মানের কথা বলেনি আমি, সতীর্থদের তুলনায় আমি কোনোভাবেই এগিয়ে নেই।’

এমন গোলমেলে অবস্থায় রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের সমর্থন পাচ্ছেন রোনালদো, ‘সবারই নিজস্ব মত আছে। আমি ক্রিস্টিয়ানোকে খুব ভালোভাবে চিনি, সে কাউকে দোষারোপ করতে চায়নি। আমরা দলের সবাইকে নিয়েই গর্বিত। লুকাস ভাসকুয়েজ, হেসেরা যাঁদের নিজের মানের মনে করেন না রোনালদো) তাঁদের সেরাটাই দিচ্ছে। আমি যা বলছি রোনালদোও ঠিক তাই বলতে চেয়েছিল, একটু অন্যভাবে বলেছে এই যা। অধিনায়ক হিসেবে আমি সবাইকে নিয়ে গর্বিত। এখনই সময় একাত্মতা প্রকাশ করার।’ সূত্র: মার্কা

জেএইচ