এল ক্লাসিকোতে হারের কষ্ট ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে লা লিগার লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

রোববার বাংলাদেশ সময় বিকাল ৪টায় প্রতিপক্ষ গ্রানাডাকে নিজেদের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে স্বাগত জানাবে কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

দেশের হয়ে চমৎকার পারফরম্যান্স করে দলে যোগ দিচ্ছেন রিয়ালের তারকা গ্যারেথ বেল। নয় ম্যাচে গোলের দেখা না পাওয়া বেলের উপর ক্ষেপেছিল রিয়াল সমর্থকরা। ক্লাসিকোতে তাদের হারের দিনও দলকে উদ্ধার করতে না পারায় তেলে-বেগুনে জ্বলে ওঠেছিল সমর্থকরা।

তবে দুঃসময় কাটিয়ে নিজের ফর্মে ফিরেছেন বেল। ইউরোর বাছাইপর্বে গত শনিবার তার জোড়া গোলে ইসরায়েলকে হারিয়ে 'বি' গ্রুপে উঠেছে তার দল ওয়েলস।

বেলকে পেলেও পেপেকে পাচ্ছেন না আনচেলোত্তি। উরুতে চোট পাওয়ায় মাঠে নামতে পারবেন না এই ডিফেন্ডার।

সফরকারী গ্রানাডা ২০১৩ সালে রিয়ালকে চমকে দিয়েছিল। নিজেদের মাঠে ১-০ গোলে জয় পেয়েছিল দলটি। কিন্তু গত তিনবারের মুখোমুখি লড়াইয়েই জয় পেয়েছিল বর্তমান ইউরোপের চ্যাম্পিয়ন দলটি। গত নভেম্বরে সর্বশেষ লড়াইয়ে রদ্রিগেজের জোড়া গোলে ৪-০ গোলে জিতেছিল তারা।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে দুই দলই সমানে সমান। সব ধরনের খেলার গত ৫ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। হেরেছে তিনটিতে। বাকি ম্যাচটি ড্র হয়েছে।

জয় পরাজয় সমান হলেও শেষ ম্যাচে ড্র করেছিল গ্রানাডা। একমাত্র জয়টি এসেছিল শেষ দুই ম্যাচের আগের ম্যাচে।

জেডআই