চাইনিজ টেনিস তারকা লি না অবসরে যাচ্ছেন। বৃহস্পতিবার দেশটির সরকারি গণমাধ্যমে প্রচারিত খবরে এ কথা জানানো হয়েছে।

দেশটির সরকারি ক্রীড়া বিষয়ক চ্যানেল সিএনটিভি লি না’র এজেন্সি আইএমজির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে,আগামী রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি অবসরের ঘোষণা দেবেন। তবে শুক্রবার সামাজিক গণমাধ্যমেও আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন দুই বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী টেনিস তারকা।

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রচার মাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভি-৫ প্রচারিত অন্য একটি রিপোর্টে নাম প্রকাশ না করা টেনিস তারকার ঘনিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ইনজুরির কারণে ৩২ বছর বয়সী লি শুক্রবার তার অবসরের ঘোষণা দিতে পারেন।

নিজস্ব মাইক্রোব্লগের মাধ্যমে সিসিটিভি ৫ জানিয়েছে, ‘ঘনিষ্ট সুত্রের মতে আগামী ১৯ সেপ্টেম্বর লি না আনুষ্ঠানিকভাবে তার অবসর ঘোষণা করবেন।’

এতে বলা হয়, ‘শারিরীক অবস্থার কারণে খেলা অব্যাহত রাখতে পারছেন না বলেই তিনি অবসর নিচ্ছেন বলে জানা গেছে।

প্রচার মাধ্যমটি সুত্র বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। আইএমজির বেইজিং অফিসে কর্মরত এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন লি নার ম্যানেজার একটি সভায় আছেন এবং তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিশ্বের ছয় নম্বর তারকা গত জানুয়ারি মাসে অস্ট্রেলিয়া ওপেনের শিরোপা জয় করেন কিন্তু ইনজুরি চলতি মৌসুমে তাকে ব্যঘাত সৃস্টি করেছে এবং হাঁটুর সমস্যার কারণে জুলাই মাসের শেষ দিক থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন।

জানুয়ারি মাসে গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর তিনি ক্যারিয়ার সেরা বিশ্বের দুই নম্বর স্থান লাভ করেন। কিন্তু জুলাই মাসে ইউএস ওপেনসহ কয়েকটি টুর্নামেন্ট মিস করায় তিনি ষষ্ঠ স্থানে নেমে যান। নিজের জন্য অত্যন্ত কার্যকরী কোচ কার্লোস রদ্রিগয়েজকেও ছেড়ে দিয়েছেন লি না।

আগামী রোববার নিজ শহরে প্রথম বারের মত শুরু হতে যাওয়া ডব্লিউটিএ উহান ওপেনের মাধ্যমে খেলায় ফিরবেন বলে প্রাথমিকভাবে পরিকল্পনা করেছিলেন তিনি।

কিন্তু বেইজিং নিউজ পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয় লি না টুর্নামেন্টে খেলবেন না বলে নিশ্চিত হয়েছেন উহান ওপেন কর্মকর্তারা।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই