ইউরোপের ক্লাব ফুটবল মানেই অর্থ-কড়ির ছড়াছড়ি। দল-বদলের মৌসুমে হিড়িক পড়ে যায় কে কত বেশি দাম দিয়ে খেলোয়াড় দলে নিতে পারে। চলতি ফুটবল মৌসুম শুরু হওয়ার আগে ইউরোপের ক্লাব ফুটবলের দল-বদলের মৌসুম শেষ হল।

এবার দল বদলে সবচেয়ে বেশি দামী খেলোয়াড় হিসেবে লুইজ সুয়ারেজকে দলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রেকর্ড অর্থে ডিফেন্ডার ডেভিড লুইজকে দলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। ম্যানচেস্টার সিটি ভিড়িয়েছে ইলিয়াকুইম মাঙ্গালাকে। এদিকে ফুটবল ইতিহাসে রেকর্ড অর্থে লেফট ব্যাক ও টিনেজার লুক শাহকে দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সবচেয়ে দামী দল হিসেবে পরিচিত রিয়াল মাদ্রিদ নিয়েছে জেমস রদ্রিগেজ ও টনি ক্রজকে। এই মৌসুমে ইউরোপিয়ান সুপার কাপে রিয়াল যে একাদশ মাঠে নামিয়েছিল তার ট্রান্সফার ফি ছিল ৫০০ মিলিয়ন ইউরো।

তাই মৌসুম শুরুর আগে বিভিন্ন পজিশনের দামী খেলোয়াড়দেরকে নিয়ে গঠন করা হয়েছে সবচেয়ে দামী একাদশ। এই একাদশের দাম ৬৬৮ মিলিয়ন ইউরো।

৪-২-১-৩ ফরম্যাটে সাজানো সবচেয়ে দামী একাদশ:

গোলরক্ষক: গোলরক্ষক হিসেবে এখনও সবচেয়ে দামী খেলোয়াড়ের জায়গা দখল করে আছেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুজি বুফন। ২০০১ মৌসুমে পারমা থেকে ৫১ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন তিনি।

রাইট ব্যাক: রাইট ব্যাকের ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থে দল বদল করেছেন দানি আলভেজ। ২০০৮ সালে ৩৫ মিলিয়ন ইউরোতে বর্তমান ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তিনি।

ডিফেন্ডার: ডেভিড লুইজ এই মৌসুমের আগে সবচেয়ে দামী ডিফেন্ডার হিসেবে চেলসি ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছিলেন। তার ট্রান্সফার ফি ছিল ৫০ মিলিয়ন ইউরো।

ডিফেন্ডার: গত সপ্তাহে লুইজের রেকর্ড ছাড়িয়ে ৫৩ মিলিয়ন ইউরোতে পোর্তো থেকে ইলিয়াকুইম মাঙ্গালাকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।

লেফট ব্যাক: ইংল্যান্ডের তরুণ লেফট ব্যাক লুক শাহকে ৩৭ মিলিয়ন ইউরোতে সাউদাম্পটন থেকে দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মিডফিল্ডার: এই একাদশে রয়েছেন দুই জন মিডফিল্ডার। ২০১২ সালে অ্যাটলেটিকো বিলাবাও থেকে বায়ার্ন মিউনিখে গিয়েছিলেন জাভি মার্টিনেজ। আর জেনিট সেন্ট পিটার্সবার্গে যোগ দিয়েছিলেন অ্যাক্সেল উটসেল। দুই জনেরই দল বদল ফি ছিল ৪০ মিলিয়ন ইউরো।

অ্যাটাকিং মিডফিল্ডার: ব্রাজিল বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুটজয়ী জেমস রদ্রিগেজকে ৮০ মিলিয়ন ইউরোতে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে বিশ্বের সবচেয়ে দামী অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গা দখল করেছেন এই কলম্বিয়ান তারকা।

স্ট্রাইকার: এই জায়গায় আছেন তিন জন তারকা। গত মৌসুমে এ যাবৎকালের রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে গ্যারেথ বেলকে টটেনহ্যাম থেকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এরপরেই রয়েছেন আরেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বেলের আগের মৌসুমে রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পর্তুগীজ তারকাকে নিয়ে আসে স্প্যানিশ জায়ান্টরা। তাদের সঙ্গে দামী খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়েছেন উরুগুয়ের তারকা লুইজ সুয়ারেজ। বিশ্বকাপের পর ইংলিশ ক্লাব লিভারপুল থেকে তাকে দলে নিয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তার ট্রান্সফার ফি ছিল ৮৮ মিলিয়ন ইউরো।

ঢাকা,১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই