সম্ভাবনাই সত্যিই হয়েছে। বাংলাদেশ সফরে আসা হচ্ছে না অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের। আঙুলের ইনজুরির কারণে শেষ অব্দি তাকে আর বাংলাদেশ সফরে দলে নেওয়া হচ্ছে না। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্সের মহাব্যবস্থাপক প্যাট হাওয়ার্ড জানিয়েছেন, চিকিৎসকদের মতে আঙুলের ইনজুরি কাটিয়ে পুনরায় ব্যাটিং করা ও ক্যাচ ধরার মতো অবস্থায় আসতে ওয়ার্নারের ৬ সপ্তাহ সময় লাগবে।

হাওয়ার্ড আশা প্রকাশ করেছেন, ২৭ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের আগেই সুস্থতা ফিরে পাবেন ওয়ার্নার।

এদিকে, বাংলাদেশ সফর থেকে বাদ পড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর হতাশ ওয়ার্নার বলেছেন, ‘এটা সত্যিই হতাশাজনক। আমি অস্ট্রেলিয়ার কোনো ম্যাচই মিস করতে চাই না। যাই হোক, চেষ্টা করব যতটা দ্রুত সম্ভব সুস্থতা ফিরে পেতে।’

ওয়ার্নার দলে না থাকার মানে হচ্ছে বাংলাদেশ সফরে একটি ব্র্যান্ড নিউ ওপেনিং জুটির পাশাপাশি দলের একজন সহ-অধিনায়কও নির্বাচন করতে হবে অস্ট্রেলিয়াকে।

আগামী সপ্তাহে বাংলাদেশ সফরের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণার সময় অস্ট্রেলিয়ান নির্বাচকরা সেই কাজটি করবেন বলে জানিয়েছেন প্যাট হাওয়ার্ড।

উল্লেখ্য, স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়েছেন ওয়ার্নার। ইংলিশ পেসার স্টিভেন ফিনের একটি বাউন্সারে তার ডান হাতের একটি আঙুলে ফাটল ধরেছে। ওই ইনজুরির পর থেকেই ওয়ার্নানের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চিয়তা সৃষ্টি হয়েছিল।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে আগামী ৯ অক্টোবর।

এমআর