চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শুরুতেই উইকেট হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলের স্কোরে ১৬ রান যোগ করতেই পঞ্চম উইকেট হারাতে হয়।

ব্যক্তিগত ২৮ রান করে অধিনায়ক মুশফিকুর রহিম ডেইল স্টেইনের বলে এলবিডব্লিউ হন। এরপর সাকিব লিটন কুমার দাসকে নিয়ে দলের হাল ধরেন। দুজনে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশকে ৪ রানের লিড এনে দেন।

এরপর মধ্যাহ্ন বিরতি চলাকালে বেলা ১১টা ৫৫ মিনিটে ভারী আকারের বৃষ্টি শুরু হয়। দুপুর ১২টা ১৮ মিনিটে বৃষ্টি থামে। এরপর ১২টা ৪০ মিনিটে খেলা শুরু হয়। এর আগে গতকাল বুধবার শেষ বিকালেরবৃষ্টিতে ২৩ ওভার খেলা হয়নি।

বৃষ্টির পর সাকিব আর লিটনের জুটি ৮২ রানে গিয়ে থামে। সাইমন হারমারের বলে জেপি ডুমিনির তালুবন্দি হয়ে সাকিব অর্ধশতক বঞ্চিত হন। ১১৪ বলে চার বাউন্ডারিতে তিনি করেন ৪৭ রান। এরপর লিটন আর মোহাম্মদ শহিদ ৩৪ রানের জুটি গড়েন, যার মধ্যে ২৫ রানই শহিদের।

প্রোটিয়া বোলাদের ওপর ঝড় তুলে ১৯ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় শহিদ এই রান করে ফিল্যান্ডারের বলে ফন জিলের তালুবন্দি হন। একপ্রান্ত আগলে লিটন কুমার দাস ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১৮/৭। লিটন কুমার দাস ৫০ এবং তাইজুল ইসলাম ৫ রানে ব্যাট করছেন। ইতোমধ্যে স্বাগতিকরা ৭০ রানের লিড পেয়েছে। এটিই প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস।

এর আগে গতকাল বুধবার বাংলাদেশ ৪ উইকেটে ১৭৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে। সেখান থেকেই তৃতীয় দিনের খেলা শুরু করেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

দলীয় ১৯৫ রানে মুশফিককে ফিরিয়ে প্রথম সাফল্য পেলেন সিরিজের আগে হম্বিতম্বি করা ডেইল স্টেইন। স্টেইনকে দারুণ খেলছিলেন মুশফিক।

সাত সকালে তার বলেই তিনটি বাউন্ডারি হাকান। স্টেইনের ওই বলটিতে প্রথমে আম্পায়ার আউট দেননি। পরে রিভিউ নিয়ে জয় হয় স্টেইনের।

এর আগে প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মুস্তাফিজুর রহমান ৪টি এবং যুবায়ের হোসেন ৩টি উইকেট নিয়ে তাদের গুড়িয়ে দেন।

কেএইচ