প্রতিপক্ষ কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেও এখনই ব্রাজিলের আকাশ থেকে শঙ্কার মেঘ কাটছে না। কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে পিঠে গুরুতর চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিল শিবিরের ওয়ান্ডার বয় নেইমার। তার সঙ্গে আরও একটি খারাপ খবর ব্রাজিলের জন্যে। তা হল টুর্নামেন্টে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে খেলতে পারবেন না থিয়াগো সিলভাও।
নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট আগে বল পায়ে পেয়ে যান নেইমার। তখনই ঘটে বিপত্তি। নেইমারকে আটকানোর জন্যে কলম্বিয়ার ক্যামিলো জুনিগা পিছন থেকে বল ছিনিয়ে নিতে গিয়ে সজোরে পা ছোড়েন। জুনিগার হাঁটু গিয়ে লাগে নেইমারের শিড়দাঁড়ায়। ম্যাচের বাকি কয়েকটা মিনিট আর খেলতে পারেননি নেইমার। অসহ্য যন্ত্রণায় মাঠ ছাড়তে হয় তাঁকে। চোট গুরুতর হওয়ায় নেইমারকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কোচ লুই ফিলিপ স্কোলারি জানিয়েছেন সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে খেলতে পারবেন না নেইমার। এখন বেশ কিছুদিন মাঠের বাইরেই কাটাতে হবে নেইমারকে।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





