ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে আজ রোববার পর্দা নামছে ফুটবল বিশ্বকাপের ২০তম আসরের। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও জার্মানি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই দুই দলের লড়াই।
বিশ্বকাপে সর্বশেষ তিনবার মুখোমুখি লড়াইয়েই হেরেছিল আর্জেন্টিনা। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালের পর ২০০৬ ও ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানদের কাছেই হেরেছিল লাতিন দেশটি। সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে আর্জেন্টিনাই। এখন পর্যন্ত তাদের ২০ বারের মুখোমুখি লড়াইয়ে ৯ বার জিতেছে আর্জেন্টিনা। আর ৬ বার জয়ের মালা পরেছে ইউরোপের পরাশক্তিরা। বাকি পাঁচ ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপের আগে সর্বশেষ ২০১২ সালে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। সেই ম্যাচে মেসির জোড়া গোলে ৩-১ গোলে জিতেছিল দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার আরেকটি ঝলক দেখানোর সুযোগ মেসির। সেই সঙ্গে তার কিংবদন্তী হওয়ার হাতছানি।
ম্যাচটিতে আর্জেন্টিনা দলে চোট সমস্যা নাই বললেই চলে। ডি মারিয়াকে নিয়ে সন্দেহ থাকলেও অনুশীলনে ছিলেন তিনি। ফলে এই ম্যাচে একাদশেই দেখা যাবে তাকে।
এদিকে জার্মান শিবিরেও চোটের কোনো সমস্যা নাই। ফলে সেরা দল নিয়ে লড়াইয়ে নামবে কোচ জোয়াচিম লো।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





