ত্রিদেশীয় সিরিজ খেলতে টাইগাররা এখন আয়াল্যান্ডে। স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে এই সিরিজকে মূলত চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে দেখলেও  র‌্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ টাইগারদের সামনে।

১২ মে থেকে দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে দুটি করে মোট চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। চারটি ম্যাচেই জয় পেলে বাংলাদেশের সংগ্রহ হবে ৯৭ পয়েন্ট। তখন তারা শ্রীলঙ্কাকে পেছনে ফেলবে ৪ পয়েন্টের ব্যবধানে।

বর্তমানে ৯১ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৭ নম্বরে। শ্রীলঙ্কার পয়েন্ট ৯৩। আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী,  নিউজিল্যান্ডকে একবার আর আয়ারল্যান্ডকে দুবার হারালেও লঙ্কানদের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে থেকে ৬ নম্বরে উঠে যাবেন মাশরাফি-সাকিবরা।

তবে আইরিশদের দুবার হারিয়ে নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচই হেরে গেলে ১ পয়েন্ট হারাবে বাংলাদেশ। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে শুধু একটি জয় পেলে পাকিস্তানের পেছনে পড়ে যাবে টাইগাররা। আর চারটি ম্যাচেই হেরে গেলে ৯১ থেকে পয়েন্ট নেমে দাঁড়াবে ৮৩। তাহলে র‌্যাংকিংয়ে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে ৪ পয়েন্টে।

এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ে সেরা আটে থাকা দলগুলো ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

টাইমনিউজবিডি.নেট/মাহমুদ