মৌসুমের শুরুতে যেই মেসির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন, গুজব রটেছিল যে কোনো এক জনের ক্লাব ছেড়ে দেয়ার, সেই মেসির প্রশংসায় পঞ্চমুখ বার্সেলোনা কোচ লুইস এনরিক।
২০১৪-১৫ মৌসুমে দারুণ সাফল্য পেয়েছে বার্সা। লিগ শিরোপা জয়ের পর কোপা ডেল রে'তেও হয়েছে চ্যাম্পিয়ন। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলে ২০০৯ সালের পর আবার ট্রেবল জয়ের রেকর্ড গড়বে কাতালান ক্লাবটি।
বার্সার এমন সাফল্যে বড় অবদান রেখেছেন মেসি। মৌসুমে এখন পর্যন্ত গোল করেছেন ৫৭টি। প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচেই দলের ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব হয়েছেন। রোববার কোপা ডেল রে'র ফাইনাল ম্যাচে অ্যাথলেটিক বিলবাও'র বিপক্ষে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন।
ম্যাচটিতে একক প্রচেষ্টায় প্রথম গোলটি করেছিলেন মেসি। তার এমন কৃতিত্বে প্রশংসা করতে কার্পণ্য করলেন না বার্সা কোচ এনরিক।
কোপা ডেল রে জয়ের পর তিনি বলেছেন, "আমরা এই মেসিকে দেখতেই অভ্যস্ত। আমরা ভাগ্যবান যে প্রতিদিন অনুশীলনে দেখতে পাই সে শট নেয়ার আগে মোচড় দিয়ে দ্রুত গতিতে তিন তিনটি বাধা অতিক্রম করে। তার প্রথম গোলটি অন্য গ্যালাক্সি থেকে এসেছিল।"
জেডআই





