চট্টগ্রাম টেস্টের শুরুতে দুটি উইকেট হারালেও অভিজ্ঞ দুই ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের শক্তিশালী জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে সফরকারী শ্রীলংকা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬৩ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে শ্রীলংকা।  সেঞ্চুরি করা সাঙ্গাকারার (১০১) সঙ্গে দলের রানের চাকা সচল রাখছেন মাহেলা (৬২)।
ঢাকা টেস্টে শ্রীলংকার ব্যাটসম্যানদেরকে কাছে পরাস্ত হয়েছিল বাংলাদেশের বোলাররা। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু করে তারা।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু বাংলাদেশের বোলারদের তোপে তাদের শুরুটা ভালো হয়নি। দলীয় ৫০ রানের আগে সফরকারীদের দুটি উইকেট শিকার করে সমর্থকদেরকে আশার আলো দেখায় বাংলাদেশের বোলাররা।
শ্রীলংকা দলীয় ৩৯ রানে সোহাগ গাজীর বলে কৌশল সিলভা এলবিডব্লিউর ফাঁদে পড়লে তাদের উদ্বোধনী জুটির পতন হয়। রানের খাতায় আর ১০ রান যোগ হতে পেসার আল আমিন হোসাইনের শিকারে পরিণত হন ওপেনার দিমুথ করুনারত্নে (৩১)।
এরপর সাঙ্গাকারার ও মাহেলার কাছে পাত্তাই পাচ্ছে না স্বাগিতক বোলাররা। ক্যারিয়ারের ৪৬তম টেস্ট হাফ-সেঞ্চুরিকে ৩৪তম সেঞ্চুরিতে রুপান্তরিত করেছেন ২০০০ সালে অভিষেক হওয়া সাঙ্গাকারা। মজার বিষয় হলো এদিন মাহেলাও ৪৬তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন। ১৯৯৭ সালে অভিষেক হওয়ার এই ক্রিকেটারও ৩৪তম সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন।
ঢাকা,৪ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই