উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নাম লেখানোর পথে এগিয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। প্লে-অফের ম্যাচে প্রথম লেগে বেলজিয়ামের ক্লাব ব্রুজকে ৩-১ গোলে হারিয়ে এক ধাপ এগিয়ে গেল কোচ লুই ফন গলের শিষ্যরা।

মঙ্গলবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর জয়ে দুর্দান্ত অবদান রেখেছেন চলতি মৌসুমে ক্লাবটিতে যোগ দেয়া মেমফিস ডিপেই।

ম্যাচটিতে ম্যানইউ জয় পেলেও নিজেদের মাঠে শুরুটা ভালো করতে পারেনি। খেলার ৮ মিনিটে ডি বক্সে জটলার মধ্যে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই ঠেলে দেন ইংলিশ মিডফিল্ডার মাইকেল ক্যারিক।

তবে পাঁচ মিনিট পর খেলার ১৩ মিনিটে স্বাগতিকদেরকে সমতায় ফেরান মেমফিস ডিপেই। ডাচ এই মিডফিল্ডারকে দারুণ একটি পাস দিয়ে কিছুক্ষণ আগে করা ভুলের কিছুটা প্রায়শ্চিত্তও করেন ক্যারিক।

৪৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করার সঙ্গে দলকে লিড এনে দেন মেমফিস। ডালে ব্লিন্ডের বাড়ানো বল ধরে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের কোনাকুনি শটে ব্রুজের জালে জড়িয়ে দেন।

৮০তম মিনিটে বেলজিয়ামের ডিফেন্ডার ব্রান্ডন মেচেলে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ক্লাব ব্রুজ।

এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান ইউনাইটেডের মারোয়ান ফেলাইনি। ডিপাইয়ের ক্রসে হেড করে গোলটি করেন বেলজিয়ামের এই মিডফিল্ডার।

আগামী ২৬ অগাস্ট ফিরতি লেগে খেলতে বেলজিয়াম সফর করবে ম্যানচেস্টার ইউনাইটেড।

জেডআই