রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে সোসিয়াদের মাঠে ৪-২ গোলে হারে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন দলটি।

সার্জিও রামোস ও গ্যারেথ বেলের দ্রুত দুই গোলের সুবাদে স্বাগতিক সোসিয়েদাদের সমর্থকদের নিশ্চুপ করে দিয়েছিল মাদ্রিদ। কিন্তু দারুণভাবে ম্যাচে ফিরে এসে স্বাগতিকরা শুধুমাত্র প্রথমার্ধেই সমতা ফেরায়নি বরং আরো দুই গোল করে রিয়ালকে হতবাক করে দিয়ে দারুন এক জয় তুলে নিয়েছে। ফ্রেঞ্চ মিডফিল্ডার ডেভিড জুরুটুজার দুই গোলের পাশাপাশি ইনিগো মার্টিনেজ এবং কার্লোস ভেলার গোলে এই জয় পায় সোসিয়েদাদ।

স্প্যানিশ সুপার কাপে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে পরাজিত হবার পরে ২০১৪-১৫ মৌসুমের প্রথম ম্যাচে নতুন দল কোরডোবার বিপক্ষে মাত্র ২-০ গোলের জয় মোটেই সন্তুষ্ট করতে পারেনি মাদ্রিদ সমর্থকদের। আর তাই কার্লো আনচেলত্তির দলকে ঘিরে সমালোচনা চলছেই। এ ফলাফলে মধ্যমাঠে অ্যাঞ্জেল ডি মারিয়া এবং জাবি আলোনসোর অনুপস্থিতি দারুণভাবে চোখে পড়েছে। রোববারের ম্যাচে অতি রক্ষণাত্মক কৌশলের পরেও দলের এই পরাজয়ে আরেকবার সাবেক এই দুই তারকাকে মাদ্রিদ মনে করতে বাধ্য হয়েছে।

যদিও ম্যাচের শুরুতে মোটেই মনে হয়নি সফরকারীরা এতটা পিছিয়ে পড়বে। এমনকি আক্রমণভাগে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই খেলতে নেমে প্রথম থেকেই আক্রমণ চালাতে থাকে রিয়াল। পাঁচ মিনিটেই টনি ক্রুসের ক্রস থেকে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন রামোস। এরপরপরই ফ্রি-কিক থেকে দ্বিতীয় গোল প্রায় করেই ফেলেছিলেন রামোস। কিন্তু ক্রসবার বাঁধা হয়ে দাঁড়ায়। তবে ১১ মিনিটে গ্যারেথ বেল আর ভুলে করেননি। ঠান্ডা মাথায় কর্ণার দিয়ে বল জালে জড়িয়ে তিনি ব্যবধান দ্বিগুন করেন।

দুই গোলে এগিয়ে থেকে রিয়ালই প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে থাকে। এর মধ্যে মার্সেলোর দুটি প্রচেষ্টা এবং হামেস রদ্রিগেজের সেট পিস থেকে রামোসের হেড গোলের ঠিকানা খুঁজে পায়নি। তবে আধাঘন্টা পার না হতেই সোসিয়েদাদ নড়েচড়ে বসে। এর মধ্যে এস্তেবান গ্রানেরোর একটি শক্তিশালী শট ব্যর্থ হয়। তবে এরপর টনি ক্রুসের একটি প্রচেষ্টা দারুনভাবে রুখে দেন সোসিয়েদাদ গোলরক্ষক এনাট জুবিকারাই। ৩৫ মিনিটে জাবি প্রিয়েতোর ক্রস থেকে মার্টিনেজ গোল করলে সোসিয়েদাদ শিবিরে স্বস্তি ফিরে আসে। এর ছয় মিনিট পরে আলবার্তো ডি লা বেলার সেন্টার থেকে শক্তিশালী হেডের সাহায্যে সমতা ফেরান জুরুতুজা।

ম্যাচে সমতা ফিরিয়েও সোসিয়েদাদ মোটেই রক্ষনাত্মক কৌশল অবলম্বন করেনি। বিপরীতে দ্বিতীয়ার্ধে মাদ্রিদের রক্ষনভাগের ভুলের সুযোগে বেশ কয়েকটি আক্রমন চালায় স্বাগতিকরা। ৬৫ মিনিটে প্রিয়েতো এবং সার্জিও কানালেসেন সহযোগিতায় নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন জুরুতুজা। এগিয়ে গিয়ে সোসিয়েদাদ এই লিড ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠে। স্বাগতিক সমর্থকরা তাতে আরো বেশী রসদ যোগায়। ৭৫ মিনিটে সেট পিস আক্রমণ থেকে ভেলা দারুণ এক ভলিতে চতুর্থ গোল করলে সমর্থকরা তখনই জয়ের উৎসব শুরু করে দেয়। যদিও রিয়ালের ডিফেন্ডাররা হ্যান্ডবলের আবেদন করেছিল। সামি খেদিরা, রদ্রিগেজ এবং করিম বেনজেমা তাদের সুযোগুলো কাজে লাগাতে পারলে রিয়াল হয়তবা ম্যাচে ফিরে আসতে পারতো।

ঢাকা, ১সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই