গত মৌসুমটা বড় কোনো ট্রফি ছাড়াই কেটেছে রিয়াল মাদ্রিদের। ব্যর্থতার দায়ে কোচ কার্লো আনচেলোত্তিকে সরিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাফায়েল বেনিতেজকে। কিন্তু নতুন কোচের অধীনে মূল মৌসুম শুরুর আগেই ধাক্কা খেয়েছে রিয়াল।

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে গত শনিবার রোমার কাছে টাইব্রেকারে হেরে গেছে ‘লস ব্লাঙ্কোস’রা। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আজ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রিয়াল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-২।

রিয়াল হার দিয়ে শুরু করলেও ম্যানসিটি প্রাক-মৌসুমে তাদের প্রথম তিন ম্যাচেই জিতেছে। প্রীতি ম্যাচে অ্যাডিলেড ইউনাইটেডকে ২-০, মেলবোর্ন সিটিকে ১-০ ও ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রোমাকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায় ইংলিশ জায়ান্টরা।

এর আগে মাত্র দুবার দেখা হয়েছে রিয়াল-ম্যানসিটির। ২০১২-১৩ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। গ্রুপ পর্বের প্রথম লেগে ঘরের মাঠে ম্যানসিটিকে ৩-২ গোলে হারিয়েছিল রিয়াল। ফিরতি লেগে ম্যানসিটির মাঠে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্টের শেষ ষোলোয় উঠেছিল স্প্যানিশ জায়ান্টরা। আর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল ইংলিশ ক্লাবটি।


এমআর