সময়টা তেমন ভালো যাচ্ছে না ইতালির। তার ওপর দলের অন্যতম সেরা স্ট্রাইকার মারিও বালোতেল্লি রয়েছেন ইনজুরিতে। তবে প্রীতি ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে জয় পেতে ইতালিয়ানদের কষ্ট করতে হয়নি! তাহলে কীভাবে জিতল তারা?
ভাগ্য সহায় থাকলে যা হয়। ইতালি ১-০ ব্যবধানে জিতল আত্মঘাতী গোলে। এটি কোচ অ্যান্টোনিও কোন্তের অধীনে পঞ্চম জয়।
দুর্বল আক্রমণভাগ নিয়ে ম্যাচে প্রথমার্ধ গোলশূন্যভাবেই কাটায় ইতালি। দ্বিতীয়ার্ধে এসে কিছু আক্রমণ শানালেও তা ব্যর্থতায় পর্যবসিত হয়। তবে ৮২ মিনিটে তারা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যাবে, এমন মূহুর্তে সামনে এগিয়ে এসে ইতালির দিকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন আলবেনিয়ার ডিফেন্ডার হামদি সালিহি! ইতালির স্টেফানো ওকাকার হেড সালিহির গায়ে লেগে জড়ায় আলবেনিয়ার জালে। আত্মঘাতী গোলের আফসোস বুকে বয়েই মাঠ ছাড়তে হয় আলবেনিয়ানদের।
এএইচ





