দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন এশিয়াড মেইন স্টেডিয়ামে শুরু হয়েছে ১৭তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে টেন স্পোর্টস।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ১৫ সেপ্টেম্বর ফুটবলের লড়াই শুরু হয়েছে। রেকর্ড ভাঙা-গড়া আর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ৪ অক্টোবর পর্দা নামবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই ক্রীড়াযজ্ঞের। ৩৬টি স্পোর্টস এবং ডিসিপ্লিনে ৪৩৯টি ইভেন্টে ৯৪২৯ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছে।
ইনচিয়ন এশিয়ান গেমসে বাংলাদেশ ১৩টি খেলায় অংশগ্রহণ করছে। ফুটবল, ক্রিকেট (পুরুষ ও মহিলা), হকি, কাবাডি (পুরুষ ও মহিলা), আরচ্যারি, শ্যুটিং, তায়কোয়ানডো, কারাতে, উশু, বিচ ভলিবল, জিমন্যাস্টিকস, ফেন্সিং এবং গলফ।
এশিয়ান গেমসে বাংলাদেশ কাবাডি দল অংশ নেয়ার শুরু থেকেই স্বর্ণ জিতে আসছে। তবে নতুন ইভেন্ট হিসেবে ক্রিকেটেও স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে মাশরাফিরা। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল এর আগে স্বর্ণ জিতেছিল। আর প্রমিলা ক্রিকেট দল জিতেছিল রৌপ্য। তাই এবারও কাবাডি ও ক্রিকেটে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়েই দক্ষিণ কোরিয়া গিয়েছে বাংলাদেশ।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





