আগামী ১৪ আগস্ট ঘরের মাঠে হামবুর্গের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

শুক্রবার ২০১৫-১৬ মৌসুমের সূচি ঘোষণা করেছে বুন্দেসলিগা কর্তৃপক্ষ।

গত মৌসুমে হামবুর্গের বিপক্ষে পেপ গার্দিওলার দল ৮-০ গোলে জয়লাভ করায় প্রথমবারের মত বুন্দেসলিগায় হামবুর্গকে রেলিগেশন এড়াতে প্লে-অফ ম্যাচ খেলতে হয়। লিগের উদ্বোধনী ম্যাচের আগে বায়ার্ন ১ আগস্ট কাপ বিজয়ী উল্ফসবার্গের বিপক্ষে সুপার কাপে অংশ নিবে।

এদিকে জার্গেন ক্লপের স্থলাভিষিক্ত থমাস টাচেলের অধীনে বরুসিয়া ডর্টমুন্ড ঘরের মাঠে ১৫ অথবা ১৬ আগস্ট বরুসিয়া মোয়েচেনগ্ল্যাডব্যাচের বিপক্ষে লিগ মৌসুম শুরু করবে। গতবারের রানার্স-আপ উল্ফনবার্গ নিজেদের মাঠে প্রথম ম্যাচে এইনট্র্যাচ ফ্র্যাংকফুর্টের মোকাবেলা করবে।

২০১৫-১৬ বুন্দেসলিগা মৌসুম আগামী বছর ১৪ মে শেষ হবে। এর ২৭ দিন পরে ফ্রান্সে ইউরো ২০১৬ এর লড়াই মাঠে গড়াবে।

জেডআই