জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আর এই শেষ টেস্টেই রেকর্ড করেই শতক হাঁকিয়েছেন এ মারকুটে ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে শেষ টেস্টে মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করেন কিউই অধিনায়ক।
শনিবার ট্রান্স তাসমান ট্রফির দ্বিতীয় ও শেষ টেস্ট টস জিতে নিউজ্যিলান্ডকে ব্যাট করাার আমন্ত্রণ জানান অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ব্যাট করতে নেমে ৭৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ব্লাকক্যাপসরা।
দলীয় ২১ রানে গাপটিল, ২৩ রানে লাথাম, ৩২ রানে নিকলস এবং ৭৪ রানে উইলিয়ামসনকে আউট করে কিউইদের চেপে ধরে অস্ট্রেলিয়ার বোলাররা।
কিন্তু সেই চাপ সামলে দ্রুতই নিউজিল্যান্ডকে খেলায় ফেরান অধিনায়ক ম্যাককালাম। কোরি আন্ডারসনকে সাথে নিয়ে ১৭৯ রানের জুটি গড়েন তিনি। যেখানে ম্যাককালামের অবদান ১০৮ রান।
এদিকে ৫৪ বলে শতক তুলে নিয়ে রেকর্ড গড়েন ব্লাকক্যাপস অধিনায়ক। এর আগে ৫৬ বলে এ রেকর্ড ছিল রিচার্ডস এবং মিসবাহর। ওয়েস্ট ইন্ডিজের রিচার্ড ইংল্যান্ডের বিপক্ষে ১৯৮৫ সালে এ রেকর্ড গড়েছিলেন। এছাড়া ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রিচার্ডের এই রেকর্ড স্পর্শ করেছিলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক।
শেষ পর্যন্ত ৭৯ বলে ১৪৫ রানে আউট হন ম্যাককালাম। ছয়টি ৬ এবং একুশটি ৪ মারেন তিনি। এছাড়া কোরি আন্ডারসন ৭২ রান করেন। শেষ দিকে ওয়াটলিংয়ের ৫৮ রানের সুবাদে নিউজ্যিলান্ড তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৭০ রান সংগ্রহ করে।
অস্ট্রেলিয়ার পক্ষে লায়ন ৩টি, হ্যাজলউড, প্যাটিনসন ও বার্ড প্রত্যেকেই ২টি করে এবং মিচেল মার্শ ১টি উইকেট লাভ করেন।
ওএফ





