দীর্ঘ প্রতিক্ষার পর শুরু হওয়া বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়ে উত্তেজনা থাকাটা স্বাভাবিক। কিন্তু দ্বিতীয় ওয়ানডে-তে যে ঘটনার জন্ম হল- তা হয়ত কারো কাম্য ছিল না।
টান টান উত্তেজনার এই ম্যাচে ইংলিশ অধিনায়ক বাটলার একাই দলকে অনেক দূর নিয়ে যাচ্ছিলেন। তাই তার উইকেটটি বাংলাদেশের জন্য জরুরি ছিল।
২৮তম ওভারে সে কাঙ্ক্ষিত উইকেটটি পান তাসকিন। তাও নাটকীয়তার পর। ফলে উদযাপনটা বাধভাঙা ছিল, যা একদমই পছন্দ হয়নি বাটলারের।
তেড়ে এলেন মাশরাফিদের দিকে। পরে অ্যাম্পায়াররা পরিস্থিতি স্বাভাভিক করলেন। এরপর ম্যাচ শেষে তামিম ইকবালের সাথে বিবাদে জড়ালেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

এই দুটি ঘটনায়ই উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যমে। পত্রিকাগুলো কড়া সমালোচনা করেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার এবং সহঅধিনায়ক বেন স্টোকসের।
ডেইলি মেইল লিখেছে, অনাকাঙ্ক্ষিত দৃশ্যের অবতারণা করে বাংলাদেশের কাছে হারলো ইংল্যান্ড।
টেলিগ্রাফ লিখেছে, ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে হারার পর বাটলার ও স্টোকস বাংলাদেশের সাথে হাতাহাতিতে জড়িয়েছে।
বিবিসি লিখেছে, ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় ওয়ানডেতে হারলো ইংল্যান্ড। বাংলাদেশের কাছে হেরে হতাশ দলের অধিনায়ক জস বাটলার।

এছাড়া ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ম্যাচ নিয়ে দুটি প্রতিবেদন করেছে। একটিতে বলেছে, মাশরাফি মর্তুজার নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ।
তারা আরও লিখেছে, প্রায় একহাতে ম্যাচ ধরে রাখা বাটলার ও তার উদ্দীপ্ত মেজাজকে ধরিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, অধিনায়ক জস বাটলালের একার লড়াই ব্যর্থ করে দিয়ে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ অধিনায়ক মাশরাফির বীরত্বের কথাও স্বীকার করেছে পত্রিকাটি।
এদিকে বাটলারের আউটকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাব্বির রহমানের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর ইংলিশ অধিনায়ক বাটলারকে তিরস্কার করা হয়েছে।
এমবি





