বিশ্বকাপের আমেজ ফুরিয়ে গেছে। ফুটবল বিশ্বেও অনেক পরিবর্তন হয়েছে। অনেক খেলোয়াড় দল থেকে বাদ পড়েছেন। অনেকে অবসরে চলে গেছেন। তবে সব কিছু বাদ দিয়ে নতুন করে লড়াইয়ের মিশন শুরু হচ্ছে। এতে মুখোমুখি হচ্ছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। বৃহস্পতিবার এক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে দল দুটি। বাংলাদেশ সময় রাত ১টায় খেলাটি শুরু হবে।

২০১০ বিশ্বকাপ জয়ী তারকাদের নিয়ে ব্রাজিলে শিরোপা ধরে রাখার মিশনে গিয়েছিল স্পেন। কিন্তু কোচ ডেল বস্কের হিসাব ভুল প্রমাণিত হয়েছে। প্রথম রাউন্ডের প্রথম দুই ম্যাচে হেরে ইউরোপে ফেরা নিশ্চিত করেছিল তার শিষ্যরা।

তবে বিশ্বকাপের পর নতুন করে সুযোগ পেয়েছেন বস্ক। এবার তার দলে বড় ধরনের পরিবর্তন এসেছে। জেরার্ড পিকে, হুয়ান মাতা ও ফার্নান্দো তোরেসকে দল থেকে বাদ দেয়া হয়েছে। অবসর নিয়েছেন মাঝমাঠের জোড়া তারকা জাভি ও জাবি অলোনসো। ইনজুরিতে দলের বাইরে আছেন ইনিয়েস্তা। ফলে প্রায় সম্পূর্ণ একটি নতুন দল নিয়ে ফ্রান্সের বিপক্ষে লড়াই শুরু করবে স্পেন।

বিশ্বফুটবলে ২০০৮ সাল থেকে দাপট দেখিয়ে আসছিল স্পেন। ২০০৮ ও ২০১২ ইউরো জিতে নিয়েছিল। জিতেছিল ২০১০ বিশ্বকাপ। ২০১৩ কনফেডারেশন্স কাপে হয়েছিল রানার্স-আপ। কিন্তু ২০১৪ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ায় অনেকে মত দিয়েছে যে টিকি-টাকার দিন শেষ হয়ে গেছে।

বিশ্বকাপের পর কোচ বস্ককে নিয়েও অনেক আলোচনা হয়েছিল। ধারণা করা হয়েছিল ব্রাজিলীয় কোচ ফিলিপ স্কলারির মতো চাকরি হারাবেন তিনি। কিন্তু সেটা আর হয়নি। তার উপরই আস্থা রেখেছে স্পেনের ফুটবল ফেডারেশন।

সেই আস্থার প্রতিদান দেয়া ও টিকি-টাকার দিন শেষ হয়নি, সেটাই প্রমাণ দেয়ার সুযোগ ২০১০ বিশ্বকাপ জয়ী কোচের।

তবে তার কাজটা সহজ হবে না বলেই ধারণা করা যায়। কারণ ব্রাজিল বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেছিল ফ্রান্স। বিশ্বকাপ জয়ী জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে তারা হেরেছিল ১-০ গোলে।

এদিকে স্বাগতিক দল হিসেবে সুবিধা পাবে ফ্রান্স। সেই সঙ্গে থাকছে দর্শকদের সমর্থন। ফলে ভাল ফল করার স্বপ্ন দেখছেন কোচ দিদিয়ের দেশম।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই