আফগানিস্তানের বিপক্ষে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। টাইগার দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন পঞ্চাশোর্ধ্বে রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে মুজিবুর রহমানের ঘূর্ণিতে মাত্র ৩ বলের ব্যবধানে জোড়া উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন নাজমুল হোসেন শান্তও। ফলে রান তাড়ায় দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের দেওয়া ১১৯ রানের টার্গেটে ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। তাওহিদ হৃদয় ৫ ও অধিনায়ক সাকিব আল হাসান ১ রানে ব্যাট করছেন। টাইগারদের জয়ের জন্য ৩০ বলে দরকার ৪০ রান, হাতে আছে ৭ উইকেট।

রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ ওভারে ৬৭ রান তুলে ফেলেছিল টাইগার দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। তবে পরের ওভারেই মাত্র ৩ বলের ব্যবধানে জোড়া উইকেট তুলে নেন মুজিবুর রহমান।

আজমতউল্লাহ ওমরজাইয়ের নবম ওভার থেকে মাত্র ১ রান আসায় হয়ত চাপ বেড়ে গিয়েছিল। তাই পরের ওভারে মুজিবের অফ স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন লিটন। এক্সট্রা কাভারে ডানদিকে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন রশিদ খান। ৩৫ বলের ইনিংসটি থামে ৬ বাউন্ডারিতে ৩৫ রানে।

এক বল পর আফিফ হোসেন করতে গেলেন স্লগ সুইপ। তবে মিডউইকেটে করিম জানাতের হাতে ধরা পড়েন তিনি। প্রথমবার ওপেন করতে এসে আফিফ করেছেন ২০ বলে ২৪ রান। ফলে ৯.১ ওভার উইকেটশূন্য থাকার পর ৩ বলে ২ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

চাপ থেকে দলকে বের করার চেষ্টা করছিলেন শান্ত। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের পরের ওভারে বোল্ড হয়ে বিদায় নেন তিনি। আঊত হওয়ার আগে ৬ বলে ৪ রান করেন বাঁহাতি এই ব্যাটার। এখন ক্রিজে তাওহিদ হৃদয় ও অধিনায়ক সাকিব আল হাসান জয়ের পথে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এবিএস