ব্যাট হাতে ঝড় তুলে অনন্য কীর্তি গড়লেন মাইকেল লাম্ব ও রিকি ওয়েসেলস। ইংল্যান্ডের মাটিতে লিস্ট ‘এ’ক্রিকেটে যেকোনো উইকেটে সবচেয়ে বেশি রানের নতুন রেকর্ড গড়েছেন এই দুজন।
ট্রেন্টব্রিজে সোমবার রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে নটিংহামশায়ারের হয়ে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৩৯.২ ওভারে ৩৪২ রান তোলেন লাম্ব ও ওয়েসেলস।
ইংল্যান্ডের মাটিতে লিস্ট ‘এ’ক্রিকেটে যেকোনো উইকেটে সবচেয়ে বেশি রানের আগের রেকর্ডটি ছিল সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়ের দখলে। ১৯৯৯ বিশ্বকাপে টন্টনে শ্রীলঙ্কার বিপক্ষে দুজন মিলে যোগ করেছিলেন ৩১৮ রান।
গাঙ্গুলি-দ্রাবিড়ের রেকর্ড ভাঙার পথে লাম্ব-ওয়েসেলস দুজনই খেলেছেন লিস্ট ‘এ’ক্যারিয়ার সেরা ইনিংস। ওয়েসেলস ১৪৬ রান করে আউট হলে ভাঙে এ জুটি। তার ৯৭ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও ৮টি ছক্কার মার।
আর লাম্ব আউট হন ১৫০ বলে ১৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে। ২১টি চার ও ৬টি ছক্কায় ইনিংসটি সাজান ইংল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান।
লাম্ব-ওয়েসেলসের বিশাল জুটিতে তাদের দল নটিংহামশায়ার ৮ উইকেটে তোলে ৪৪৫ রান, যা লিস্ট ‘এ’ক্রিকেটে পুরো বিশ্বেই দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। সর্বোচ্চ ৪৯৬ রান করেছিল ইংল্যান্ডেরই আরেক দল সারে, ২০০৭ সালে গ্লস্টারশায়ারের বিপক্ষে।
নটিংহামশায়ারের ৪৪৫ রানের জবাবে নর্দাম্পটনশায়ারও কিন্তু কম যায়নি। এমনকি ম্যাচটি প্রায় জিতেই যাচ্ছিল তারা। ১০ বল বাকি থাকতে ৪২৫ রানে অলআউট হয়ে ২০ রানে হেরে গেছে নর্দাম্পটনশায়ার।
এফএফ





