অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচে লোকেশ রাহুল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে স্বাগতিকদেরকে পাল্টা জবাব দিয়েছে ভারত।

বৃহস্পতিবার তৃতীয় দিন শেষে ৫ উইকেটের বিনিময় ৩৪২ রান সংগ্রহ করেছে ভারত। তবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৫৭২ রানের চেয়ে এখনও ২৩০ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

প্রথম তিন ম্যাচে হেরে সিরিজটি আগেই হাতছাড়া করেছে ভারত। এরপর নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলে দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পান বিরাট কোহলি।

চলতি সিরিজের প্রথম ম্যাচে ইনজুরির কারণে দলে ছিলেন না ধোনি। সেই ম্যাচে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল কোহলির। ম্যাচটিতে জোড়া সেঞ্চুরি করেও দলকে হারের হাত থেকে রক্ষা করতে পারেননি তিনি।

তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেও সিরিজটি রক্ষা করতে পারেননি। এবার মান বাঁচানোর পালা।

তবে বল হাতে ভারতীয় ক্রিকেটাররা অসিদের রুখতে পারেনি। ব্যাট হাতে রানের খাতা খোলোর আগে ওপেনার মুরলি বিজয় আউট হলেও উদ্বোধনী জুটির আরেক ব্যাটসম্যান রাহুল সেঞ্চুরি করেছেন।

আগের দিনের ৩১ রান নিয়ে খেলা শুরু করে তৃতীয় দিনে ১১০ রান করে সাজঘরে ফিরে গেছেন রাহুল। ওয়ানডাউনে মাঠে নামা রোহিত শর্মা এদিন ৪০ রান নিয়ে খেলা শুরু করে মাঠ থেকে বিদায় নেয়ার আগে নিজের নামের পাশে জমা করেছেন ৫৩ রান।

বরাবরের মতোই ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন কোহলি। টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি পূর্ণ করে ১৪০ রান নিয়ে অপরাজিত আছেন। তার সঙ্গে ১৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন বৃদ্ধিমান সাহা।

অস্ট্রেলিয়ার বোলার মিশেল স্টার্ক ও শেন ওয়াটসন দুটি করে উইকেট পান। বাকি উইকেটটি শিকার করেন নাথান লিয়ন।

জেডআই